টলিউড অভিনেতা রাহুল মুখোপাধ্যায়ের অকাল মৃত্যুতে এবার ইন্ডাস্ট্রির অন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে গর্জে উঠলেন বর্ষীয়ান স্টান্ট মাস্টার চিত্ত কবিরাজ। তাঁর মতে, উপযুক্ত বাজেট এবং সুরক্ষাকবচ থাকলে এই মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব ছিল। চিত্ত কবিরাজ স্পষ্ট জানিয়েছেন, পেশাদার স্টান্টম্যান বা ফাইটারদের জন্য নির্দিষ্ট বাজেট বরাদ্দ থাকলে আজ রাহুলকে এভাবে চলে যেতে হত না।
রাহুলের মৃত্যুর কারণ বিশ্লেষণ করতে গিয়ে চিত্ত কবিরাজ বলেন, “পেশাদার স্টান্টের ক্ষেত্রে কেউ জলে শুটিং করলে আমরা সবসময় তাঁদের ‘কেবল’ (শক্তিশালী তার) দিয়ে বেঁধে রাখি। এছাড়া শরীরে বিশেষ প্যাডিং থাকে, যা চোট থেকে বাঁচায়। সেখানে বিপদের ঝুঁকি প্রায় থাকেই না।” তিনি অভিযোগের সুরে জানান, অনেক সময় খরচ বাঁচাতে বা তাড়াহুড়ো করতে গিয়ে এই প্রাথমিক সুরক্ষা বিধিগুলো মানা হয় না। টলিউডে স্টান্টম্যানদের জীবনের দাম যে কত কম, রাহুলের এই ঘটনাই তার প্রমাণ। এই মৃত্যু কি নিছকই দুর্ঘটনা নাকি অবহেলার পরিণাম— চিত্ত কবিরাজের মন্তব্য সেই বিতর্ককেই উসকে দিল।





