পোষ্যপ্রেমই কাল হলো! কয়েক মাসের মধ্যেই বিবাহবিচ্ছেদ দম্পতি, কারণ চমকে দেবে

পোষ্যের প্রতি ভালোবাসা থেকে বন্ধুত্বের শুরু, তারপর প্রেম এবং সবশেষে বিয়ে। কিন্তু সেই বিয়ে টিকল না বেশিদিন। সম্প্রতি মধ্যপ্রদেশের ভোপালে এক দম্পতি বিয়ের মাত্র কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদের পথে হাঁটলেন। অবাক করা বিষয় হলো, তাদের সম্পর্কের শুরু এবং শেষ—দুটোরই কারণ ছিল তাদের পোষ্য।

সমস্যার সূত্রপাত
ওই দম্পতি ভোপালে থাকেন। যুবক একজন তথ্যপ্রযুক্তি কর্মী এবং তার স্ত্রী উত্তরপ্রদেশের বাসিন্দা। কুকুর ও বিড়ালের প্রতি ভালোবাসা থেকেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু বিয়ের পর তাদের সুখের সংসারে আচমকা ঝড় ওঠে। ঝামেলার কারণ ছিল একটি সাধারণ প্রশ্ন: বাড়িতে কুকুর থাকবে না বিড়াল?

যুবকের অভিযোগ, বিয়ের আগেই তিনি তার প্রেমিকাকে জানিয়ে দিয়েছিলেন যে তিনি তার পোষ্য কুকুরকে নিয়েই থাকবেন এবং বাড়িতে বিড়াল রাখা যাবে না। কিন্তু তার স্ত্রী তার পোষ্য বিড়ালটিকে তার বাবার বাড়ি থেকে নিয়ে আসেন। এরপরই ঝামেলা শুরু হয়।

দম্পতির অনড় অবস্থান
স্ত্রীর অভিযোগ, স্বামীর পোষ্য কুকুরটি তার বিড়াল এবং অ্যাকুরিয়ামের মাছের ওপর হামলা করে। অন্যদিকে, স্বামী জানান যে তার স্ত্রী বিড়ালটিকে ছাড়া থাকতে নারাজ। বিড়াল ও কুকুর একসঙ্গে থাকতে না পারার কারণে প্রতিদিনই তাদের মধ্যে ঝগড়া হতে থাকে।

দুজনেই নিজেদের সিদ্ধান্তে অনড় ছিলেন। শত চেষ্টা করেও পরিবারের সদস্য, বন্ধুবান্ধব এবং সহকর্মীরা তাদের বোঝাতে ব্যর্থ হন। শেষমেশ তারা বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন। ভালোবাসার শুরু যেখানে হয়েছিল, সেখানেই সম্পর্কের ইতি হলো।