পেট চালাতে পারছেন না চালকরা! পুজোর আগে রাস্তায় নেই বাস, কেন বন্ধ হচ্ছে পরিষেবা?

যাত্রীর চাহিদা তুঙ্গে থাকা সত্ত্বেও কলকাতার রাস্তা থেকে ক্রমশ কমে যাচ্ছে বাসের সংখ্যা। অধিকাংশ বাসই এখন ঠায় দাঁড়িয়ে আছে গ্যারেজ বা স্ট্যান্ডে। কারণ বাস চালানোর জন্য মিলছে না পর্যাপ্ত চালক এবং কন্ডাক্টর। সম্প্রতি পরিবহন দপ্তর থেকে পাওয়া এক রিপোর্টে উঠে এসেছে এই আশঙ্কাজনক তথ্য।

বাস চালনার জন্য বাধ্যতামূলক পাবলিক সার্ভিস ভেহিক্যালস (PSV) লাইসেন্স। তবে রাজ্য পরিবহন দপ্তরের বিভিন্ন আরটিও থেকে জানা যাচ্ছে, এই লাইসেন্স পেতে আগ্রহ দেখাচ্ছেন না চালকরা। যারা এতদিন এই পেশায় ছিলেন, তারাও আগ্রহ হারিয়ে অন্য পেশার দিকে ঝুঁকছেন। ফলে বহু বাস গ্যারেজে অলস পড়ে রয়েছে। বাস-মিনিবাস সমন্বয় সমিতির সাধারণ সম্পাদক রাহুল চট্টোপাধ্যায় বলেন, “অনেক দিন ধরেই আমরা নতুন চালক খুঁজছি। এই পেশায় আসার জন্য নতুন কেউ আগ্রহ দেখাচ্ছেন না।”

কন্ডাক্টরদের পরিস্থিতিও একইরকম। বর্তমানে মাত্র ৩% কন্ডাক্টরের কাছে লাইসেন্স আছে। বাকিরা লাইসেন্স পুনর্নবীকরণ করাতেও আগ্রহ দেখাচ্ছেন না। এর প্রধান কারণ, এই পেশায় আয় কমে যাওয়া এবং প্রতিদিন পুলিশি ঝামেলার শিকার হওয়া। সিটি সাব-আরবান বাসের সাধারণ সম্পাদক টিটো সাহা বলেন, “দিন দিন আয় কমছে। এই অবস্থায় বাস চালিয়ে পেট ভরবে না। অনেকেই তাই বিকল্প পেশার খোঁজ করছেন।”

এই সংকট সমাধানে পরিবহন দপ্তর জেলায় জেলায় বিশেষ ক্যাম্প করেও লাইসেন্স দেওয়ার চেষ্টা করছে, কিন্তু তাতেও বিশেষ সাড়া মিলছে না।