সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া গুজবে কান দিয়ে কি আপনিও পেট্রল পাম্পে লম্বা লাইনে দাঁড়িয়েছেন? যদি উত্তর ‘হ্যাঁ’ হয়, তবে আপনার জন্য রয়েছে বড় স্বস্তির খবর। দেশে জ্বালানির কোনো অভাব নেই—সাধারণ মানুষকে এভাবেই আশ্বস্ত করল দেশের বৃহত্তম তেল সংস্থা ‘ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড’ (IOCL)।
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন প্রান্তের পেট্রল পাম্পগুলিতে অস্বাভাবিক ভিড় লক্ষ্য করা যাচ্ছিল। সাধারণ মানুষের মনে আশঙ্কা তৈরি হয়েছিল যে, হয়তো সরবরাহ বন্ধ হতে চলেছে। পরিস্থিতি হাতের বাইরে যাওয়ার আগেই ময়দানে নেমেছে ইন্ডিয়ান অয়েল। সংস্থার পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ ট্যুইট করে জানানো হয়েছে, “ভারতে পর্যাপ্ত পরিমাণে পেট্রল এবং ডিজেল মজুত রয়েছে। সরবরাহ স্বাভাবিক রাখার জন্য আমাদের টিম দিনরাত কাজ করছে।”
সংস্থার তরফে আরও অনুরোধ করা হয়েছে যে, কোনোভাবেই আতঙ্কিত বা ‘প্যানিক বায়িং’ করবেন না। পাম্পে অহেতুক ভিড় জমালে সাধারণ পরিবহণ ব্যবস্থায় বিঘ্ন ঘটতে পারে। আইওসি পরিষ্কার জানিয়ে দিয়েছে যে, সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। তাই গুজবে কান না দিয়ে নিশ্চিন্তে থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। এক নজরে দেখে নিন আইওসি-র প্রধান বার্তাগুলি:
-
দেশে জ্বালানির কোনো সংকট নেই।
-
পেট্রল পাম্পগুলিতে নিয়মিত জোগান বজায় রাখা হচ্ছে।
-
প্যানিক বায়িং বা অকারণে তেল জমিয়ে রাখা থেকে বিরত থাকুন।
-
সোশ্যাল মিডিয়ার উড়ো খবরে বিশ্বাস করবেন না।