‘পেটের দায়ে কাজে এসেছিল’, অসাবধানতাই কি কাল হল? সোনারপুরের যুবকের মৃত্যুতে তদন্তে বারুইপুর থানার পুলিশ

দক্ষিণ ২৪ পরগনায় ফের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক তরতাজা যুবকের মৃত্যুর ঘটনা ঘটল। কয়েকমাস আগে জয়নগরের একটি রাসের মেলায় লাইট লাগাতে গিয়ে এক যুবকের মৃত্যুর ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার বারুইপুরের বলরামপুর এলাকায় ঘটল এই মর্মান্তিক কাণ্ড।
অনুষ্ঠান বাড়িতে বৈদ্যুতিক কাজ করতে গিয়ে প্রাণ হারালেন জয়প্রকাশ দাস (২০) নামে সোনারপুরের এক যুবক।
অসাবধানতাতেই ঘটল দুর্ঘটনা?
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের বাড়ি সোনারপুরের বামনগাছি এলাকায়। তিনি পেশায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন এবং বিদ্যুতের কাজ করার জন্যই বারুইপুরের বলরামপুরে এসেছিলেন।
প্রাথমিক অনুমান, বৈদ্যুতিক কাজ করার সময় তাঁর অসাবধানতাতেই এই দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় বাসিন্দাদের প্রতিক্রিয়া:
ঘটনার প্রসঙ্গে ওই এলাকার এক বাসিন্দা বলেন, “ওই যুবক পেটের দায়ে কাজে এসেছিলেন। কিন্তু এভাবে তাঁর মৃত্যু হবে তা কেউ কল্পনাও করতে পারেনি। প্রত্যেকটা মৃত্যুই দুর্ভাগ্যজনক।”
পুলিশের তদন্ত ও পরিবারের শোক
খবর পেয়ে বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। কীভাবে এই মর্মান্তিক মৃত্যু হয়েছে, সেই বিষয়ে বিস্তারিত তদন্ত শুরু করেছে পুলিশ।
তরতাজা যুবকের এমন আকস্মিক মৃত্যুর খবর বামনগাছিতে তাঁর পরিবারের কাছে পৌঁছতেই নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। কর্মক্ষেত্রে নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন তুলে দিল দক্ষিণ ২৪ পরগনার এই দুর্ঘটনা।