মধ্যপ্রদেশের নিমুচ জেলায় ঘটে গেল এক হাড়হিম করা ঘটনা। খোদ পুলিশ কন্ট্রোল রুমে ঢুকে বিষ খেয়ে আত্মহত্যা করলেন ৫০ বছর বয়সী হেড কনস্টেবল হোশিয়ার সিং আহির। মৃত্যুর আগে তাঁর লিখে যাওয়া সুইসাইড নোটকে কেন্দ্র করে এখন উত্তাল রাজ্য রাজনীতি। সেখানে স্পষ্ট অভিযোগ করা হয়েছে যে, পুলিশ বিভাগে সৎ কর্মীদের ঘুষের জন্য চাপ দেওয়া হয় এবং ঊর্ধ্বতন কর্তাদের দ্বারা চরম হেনস্থার শিকার হতে হয়।
হরিয়ানার বাসিন্দা হোশিয়ার সিং নিমুচ জেলার কানাওয়াটি পুলিশ লাইনে কর্মরত ছিলেন। অসুস্থতার জন্য ৫ দিনের ছুটি কাটিয়ে সোমবার তাঁর কাজে ফেরার কথা ছিল। কিন্তু রবিবার দুপুরে হঠাৎ তিনি কন্ট্রোল রুমে ঢুকে সহকর্মীদের সামনেই বিষ খেয়ে ফেলেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। মৃত্যুর আগে তিনি ওই সুইসাইড নোটের একটি কপি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকেও পাঠিয়েছিলেন বলে জানা গিয়েছে।
মৃতের পরিবার বিস্ফোরক অভিযোগ তুলে জানিয়েছে, হোশিয়ার সিং দীর্ঘদিন ধরে কর্মক্ষেত্রে মানসিক চাপের মধ্যে ছিলেন। তাঁর স্ত্রী ও কন্যার দাবি, শারীরিক অসুস্থতা সত্ত্বেও তাঁকে দিয়ে জোর করে কঠিন কাজ করানো হতো। এমনকি মৃত্যুর পর দেহ দেখতে না দেওয়া এবং হোশিয়ারের মোবাইল ফোনটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যাওয়া নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ কর্তাদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে কি না, সেদিকেই নজর সবার।