পুলিশি রদবদলে রাশ টানল কমিশন! ২৮ ফেব্রুয়ারির পর বদলি হওয়া অফিসারদের রিপোর্ট তলব

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই বাংলায় নির্বাচন কমিশনের ‘অপারেশন ক্লিন-আপ’ শুরু হয়েছে। মুখ্যসচিব ও স্বরাষ্ট্রসচিবের মতো শীর্ষ পদের রদবদলের পর, এবার পুলিশ প্রশাসনের দিকে নজর দিল কমিশন। ২৮ ফেব্রুয়ারি থেকে আজ অবধি রাজ্যের যেসব পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে, তাঁদের নামের তালিকা ও নিয়োগ সংক্রান্ত নির্দেশিকা আজ সকাল ১১টার মধ্যেই জমা দেওয়ার নির্দেশ দিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) দফতর।

শুধু বদলি নয়, কমিশন আরও এক ধাপ এগিয়ে জানতে চেয়েছে, কোনো পুলিশ অফিসারকে অবসরের পর নতুন করে কোনো বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে কি না। এখানেই শেষ নয়, আজ বিকেল ৪টের মধ্যে আরও একটি গুরুত্বপূর্ণ তালিকা তলব করা হয়েছে—২০২১-এর বিধানসভা নির্বাচন এবং ২০২৪-এর লোকসভা ভোটের সময় যেসব অফিসার সংশ্লিষ্ট থানাগুলোর দায়িত্বে ছিলেন, তাঁদের বিশদ তথ্য। যেসব এলাকায় নির্বাচনী হিংসার অভিযোগ উঠেছিল, সেখানকার সুপারভাইজার লেভেলের অফিসারদেরও চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবারের নির্বাচন হবে মাত্র দুই দফায় (২৩ ও ২৯ এপ্রিল)। ৪ মে ফল প্রকাশের আগে রাজ্যের প্রশাসনিক ও পুলিশি ব্যবস্থাকে পুরোপুরি কমিশনের নিয়ন্ত্রণে আনার জন্য এই কড়া পদক্ষেপ নেওয়া হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল। নবান্নে নন্দিনী চক্রবর্তী ও জগদীশপ্রসাদ মীনার অপসারণের পর নতুন মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালা এবং স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষকে আজ দুপুর ৩টের মধ্যে দায়িত্বভার গ্রহণ করতে বলা হয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy