পুরুলিয়ার রাজবাড়ীর দুর্গাপুজোর উদাহরণ কেন টানলেন কুণাল ঘোষ? পুজো বিতর্ক নিয়ে উত্তাল রাজনীতি

পিতৃপক্ষের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বেশ কয়েকটি পুজো মণ্ডপের উদ্বোধন ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে এবার সরাসরি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। শুভেন্দুকে ‘তাল-জ্ঞানহীন’ আখ্যা দিয়ে তিনি স্পষ্ট করে বলেছেন যে, মুখ্যমন্ত্রী পুজোর নয়, বরং মণ্ডপ ও উৎসবের উদ্বোধন করছেন।
কুণালের যুক্তি: পুজো ও উৎসবের পার্থক্য
শুভেন্দু অধিকারীর এই অভিযোগের জবাবে কুণাল ঘোষ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যে উদ্বোধন শুরু করেছেন, সেখানে তিনি মণ্ডপ উদ্বোধন করেন, উৎসব উদ্বোধন করেন। তিনি পুজো উদ্বোধন কেন করবেন? পুজো তো ষষ্ঠীর দিন বোধন হবে।”
তিনি আরও বলেন, মহালয়ার ভোরে যে ‘মহিষাসুরমর্দিনী’ সম্প্রচারিত হয়, তখনও পিতৃপক্ষই থাকে। এরপরও বহু মানুষ পিতৃপুরুষের তর্পণ করে থাকেন। কুণাল ঘোষ এও উল্লেখ করেন যে, অনেক পঞ্জিকা মতে ১৬ দিন ধরে দুর্গাপূজা চলে, যেমন পুরুলিয়ার রাজবাড়িতে পুজো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, পিতৃপক্ষে পুজোর সূচনা করা একেবারেই ধর্মবিরোধী নয়।
‘মমতাকে ধর্ম নিয়ে আক্রমণ করবেন না’
কুণাল ঘোষ শুভেন্দুর উদ্দেশ্যে বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু। ব্রাহ্মণ পরিবারের মেয়ে। কিন্তু তিনি সমস্ত ধর্মকে সম্মান করেন।” তিনি আরও জানান যে, মুখ্যমন্ত্রীর বাড়িতে কালীপূজা হয়, তিনি সন্তোষী মায়ের পুজো করেন এবং বগলামুখীর মন্ত্র তাঁর ঠোঁটস্থ। তাই ধর্ম নিয়ে মমতাকে আক্রমণ করা উচিত নয় বলে তিনি মন্তব্য করেন।