পুণের মহারাষ্ট্র মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (Maha-Metro)-এর গুরুত্বপূর্ণ ৫.৪৬ কিলোমিটার দীর্ঘ Swargate থেকে Katraj পর্যন্ত আন্ডারগ্রাউন্ড মেট্রো লাইনের নির্মাণ কাজের বরাত পেল আদানি গ্রুপের ‘ITD সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড’ (ITD Cementation India Limited)। ₹১,৬৪৩.৮৮ কোটির দরপত্র জমা দিয়ে এই কাজটি নিশ্চিত করেছে সংস্থাটি। সবকিছু ঠিকঠাক থাকলে ডিসেম্বর মাসের শেষে এই প্রকল্পের আসল কাজ শুরু হবে।
অনুমোদন ও দরপত্র প্রক্রিয়া: Maha Metro-র এজিএম (অ্যাডমিন, পিআর) চন্দ্রশেখর তাম্বাভেকর জানিয়েছেন, “কেন্দ্রীয় সরকার Swargate-Katraj আন্ডারগ্রাউন্ড মেট্রো প্রকল্পের জন্য মোট ₹২,৯৫৪ কোটি অনুমোদন করেছে।” এই কাজের জন্য Maha Metro দরপত্র প্রক্রিয়া শুরু করলে ছয়টি সংস্থা আবেদন করে। গত ১৯ সেপ্টেম্বর দরপত্র খোলা হলে আদানি গ্রুপের ‘ITD সিমেন্টেশন ইন্ডিয়া লিমিটেড কোম্পানি’-এর দরপত্রটি সর্বনিম্ন বলে বিবেচিত হয়। গুণমান, অভিজ্ঞতা এবং প্রযুক্তির মানদণ্ড যাচাইয়ের পর এই সংস্থাকেই কাজটি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
কাজের সময়সীমা ও স্টেশন বৃদ্ধি: তাম্বাভেকর আরও জানান, ঋণ এবং অন্যান্য মানদণ্ড সংক্রান্ত প্রযুক্তিগত প্রক্রিয়াগুলি আগামী এক মাসের মধ্যে শেষ হবে। ২০২৫ সালের শেষের দিকে প্রকল্পের কাজ শুরু হবে এবং ২০২৯ সালের মধ্যে তা শেষ করার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে।
এই মেট্রো পথে প্রথমে Market Yard, Padmavati এবং Katraj—এই তিনটি স্টেশন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দাদের দাবির ভিত্তিতে Bibwewadi এবং Balajinagar-এ আরও দুটি স্টেশন যুক্ত করার নির্দেশ দেন উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার। এর ফলে প্রকল্পটি সাময়িকভাবে বিলম্বিত হয় এবং এপ্রিল ২০২৫-এ একটি সংশোধিত দরপত্র প্রক্রিয়া শুরু হয়।