পুজোর মেলায় পছন্দের নাগরদোলা বন্ধ? নিষেধাজ্ঞা জারি পুরসভার, কেন এমন সিদ্ধান্ত?

পুজোর মেলা মানেই হরেক রকম খাবারের দোকান, খেলনার স্টল, আর তার সঙ্গে নানা ধরনের রাইড। এর মধ্যে নাগরদোলা অন্যতম জনপ্রিয়। কিন্তু এবার তাতেও নিষেধাজ্ঞা জারি করল কলকাতা পুরসভা। শহরের পার্কের মধ্যে আয়োজিত পুজোর মেলায় কোনওভাবেই নাগরদোলা বসানো যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে।

পুরসভা সূত্রে জানা গেছে, এই কঠোর সিদ্ধান্তের পেছনে রয়েছে এক ভয়াবহ দুর্ঘটনা। ২০২২ সালের ৪ জুলাই এন্টালির রামলীলা ময়দানে মেলা চলাকালীন নাগরদোলা থেকে পড়ে গিয়ে প্রিয়াঙ্কা সাউ নামে এক ২৬ বছর বয়সী তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছিল। ওই ঘটনার পর থেকেই নাগরদোলার সুরক্ষাবিধি নিয়ে প্রশ্ন ওঠে এবং পুরসভা আর অনুমতি দিচ্ছে না।

পুরসভা কর্তৃপক্ষের মতে, এই দুর্ঘটনা বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০০৮ সালে পুজোর সময় দেশপ্রিয় পার্কে নাগরদোলায় চড়েই গুরুতর দুর্ঘটনার শিকার হয়েছিলেন এক ব্যক্তি। এরপরে ২০০৯ সালে কলকাতা পুরসভার তরফে নাগরদোলা সম্পূর্ণ নিষিদ্ধ করার কথা ভাবা হলেও, তা শেষ পর্যন্ত কার্যকর হয়নি। বিশেষজ্ঞের দেওয়া সন্তোষজনক রিপোর্টের ভিত্তিতে পুজো কমিটিগুলিকে অনুমতি দেওয়া হয়েছিল।

কিন্তু এবার আর কোনো ঝুঁকি নিতে রাজি নয় পুর কর্তৃপক্ষ। রামলীলা ময়দানের দুর্ঘটনার পর থেকে নাগরদোলা বসানোর অনুমতি দেওয়া হয় না। তবে এই বছর সেই কড়াকড়ি আরও বাড়ানো হয়েছে, বিশেষ করে পার্কের ভিতরের পুজোর ক্ষেত্রে। পুরসভার এই নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো পুজো কমিটি যদি নাগরদোলা বসায়, তবে আয়োজকদের বিরুদ্ধে সরাসরি থানায় অভিযোগ দায়ের করা হবে। এমনকি, কোনো অসাধু উপায়ে অনুমতি নেওয়ার চেষ্টা করলেও পুলিশকে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।