পুজোর মুখে নিরাপত্তা কোথায়? দিনের আলোয় বন্দুক হাতে সোনার দোকানে ডাকাতি, আতঙ্কে তমলুক

দুর্গাপূজার ঠিক আগে আবারও প্রকাশ্যে এল দিনের বেলায় ডাকাতির ঘটনা। এবার ঘটনাস্থল পূর্ব মেদিনীপুরের তমলুক। সোমবার সকাল ১০টা নাগাদ, তমলুকের মিলননগর বাজারে এক সোনার দোকানে ঢুকে ফিল্মি কায়দায় লুঠ চালাল তিন দুষ্কৃতী। তাদের হাতে ছিল আগ্নেয়াস্ত্র, মুখ ছিল কালো কাপড়ে ঢাকা।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুষ্কৃতীরা দোকানে ঢুকে আকাশের দিকে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। গুলির শব্দে গোটা বাজার কেঁপে ওঠে। এই সুযোগে তারা দোকানের কর্মচারী এবং মালিককে ভয় দেখিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না নিয়ে চম্পট দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে তমলুক ও কোলাঘাট থানার পুলিশ। দিনের ব্যস্ত সময়ে এমন ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়েছে।

গত মাসেও এই একই ধরনের ডাকাতির ঘটনা ঘটেছিল হুগলির ডানকুনিতে। ক্রেতা সেজে দোকানের মধ্যে ঢুকেছিল পাঁচ দুষ্কৃতী। এরপর তারা দোকানের মালিককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং সেখানে উপস্থিত সবার মোবাইল ফোন কেড়ে নেয়। তারপরে দেদারে লুঠ চালায়। পরপর এই ধরনের ঘটনায় পুজোর মুখে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।