পুজোর মুখে কি ফের দুর্যোগ? বিদায়বেলায় বাংলা জুড়েই কি বৃষ্টির জিগির নাকি ঝরবে স্বস্তির ধারা?

পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ অক্টোবর বৃহস্পতিবার থেকে পূর্ব ভারত থেকে আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় প্রক্রিয়া শুরু হতে চলেছে। তবে বিদায়বেলায় আবহাওয়ায় নতুন মোড় আসতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বায়ুমণ্ডলের নিম্নস্তরে একটি নিম্নচাপ অক্ষরেখা বিস্তৃত রয়েছে এবং বিহারের ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন বর্ষার প্রভাব বজায় থাকবে এবং রাজ্যজুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস বলছে, উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের দু-এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ ও বজ্রপাতের জন্যও সতর্ক থাকতে বলা হয়েছে। অন্যদিকে, দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম, ও দুই ২৪ পরগনায় আজ মঙ্গলবার বজ্রপাত-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী চার-পাঁচ দিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেও এই আর্দ্র আবহাওয়া ও বৃষ্টির রেশ বজায় থাকতে পারে। কলকাতার ক্ষেত্রেও আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করবে। গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.০৮ ডিগ্রি এবং সর্বনিম্ন ২৬.০৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ৮ অক্টোবর পর্যন্ত এই বৃষ্টিভেজা আবহাওয়া চলতে পারে। এরপর থেকেই বঙ্গে পাকাপাকিভাবে আবহাওয়া শুষ্ক হতে শুরু করবে এবং বর্ষা বিদায়ের পথ প্রশস্ত হবে।