পুজোর মুখে আবারও কুর্মিদের অবরোধ! রাজ্যকে কেন কড়া বার্তা দিল হাইকোর্ট?

পুজোর ঠিক মুখে আবারও রেল ও রাস্তা অবরোধের হুঁশিয়ারি দিয়েছে কুর্মি সমাজ। এই পরিস্থিতিতে অবরোধ রুখতে রাজ্য সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি সুজয় পাল ও বিচারপতি স্মিতা দাস-এর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ২০২৩ সালের ১৯ সেপ্টেম্বরের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী নিরাপত্তার ব্যবস্থা করতে হবে।
মামলাকারীর অভিযোগ, কুর্মি সম্প্রদায় আবারও তাদের পুরনো দাবি অর্থাৎ তফসিলি উপজাতিভুক্ত হওয়ার দাবিতে শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুরে রেল ও রাস্তা অবরোধের ডাক দিয়েছে। এর আগে ২০২২ ও ২০২৩ সালেও একই ধরনের অবরোধ হয়েছিল, যার ফলে রেলের ব্যাপক ক্ষতি হয়। প্রতিটি অবরোধে রেলের প্রায় ২১ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়। এর আগে, ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর কুর্মি সমাজ গোটা কলকাতাকে অচল করে দিয়েছিল এবং সরকারি-বেসরকারি সম্পত্তির ব্যাপক ভাঙচুর ও ক্ষতি হয়েছিল।
প্রসঙ্গত, কুর্মি সমাজ বাংলা, ঝাড়খণ্ড এবং ওড়িশায় অনির্দিষ্টকালের জন্য রেল ও রাস্তা অবরোধের কর্মসূচি নিয়েছে। এর আগেও তারা পুরুলিয়া ও খড়গপুরের খেমাশুলি স্টেশনে অবরোধ করে জাতীয় সড়কও বন্ধ করে দিয়েছিল। হাইকোর্টের এই নির্দেশের পর প্রশাসন কীভাবে পরিস্থিতি সামাল দেয়, এখন সেটাই দেখার।