পুজোর আবহে চরম কাণ্ড! ফেসবুকে ভারতীয় সেনাকে ‘গালিগালাজ’ করে ভাইরাল যুবক, প্রতিবেশীদের অভিযোগে রাতেই গ্রেফতার!

দুর্গাপূজার আবহে নদিয়ার আড়ংঘাটা থেকে এক চাঞ্চল্যকর ঘটনা উঠে এলো। সামাজিক মাধ্যমে ভারতীয় সেনাবাহিনীকে লক্ষ্য করে কুরুচিপূর্ণ ও অশালীন মন্তব্য করায় স্থানীয় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছে।
ফেসবুকে গালিগালাজ, রাতারাতি ভাইরাল
পুলিশ সূত্রে খবর, নদীয়ার ধানতলা থানার আড়ংঘাটা এলাকার ওই যুবক কয়েক দিন আগে ফেসবুক লাইভে এসে ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে একের পর এক অশালীন ও অসম্মানজনক মন্তব্য করেন। শুধু তাই নয়, তিনি সরাসরি গালিগালাজও করেন। ভিডিয়োটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু করে এবং ভাইরাল হওয়ার পর নেটিজেনদের ক্ষোভ উথলে ওঠে।
প্রতিবেশীরাই করলেন অভিযোগ
দেশের সুরক্ষা ও সম্মানের প্রতীক সেনাবাহিনীকে নিয়ে এমন নোংরা মন্তব্য কিছুতেই মেনে নিতে পারেননি এলাকার মানুষ। প্রতিবেশীরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং তাঁদের তরফ থেকেই অভিযুক্তের বিরুদ্ধে ধানতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।
তাঁদের বক্তব্য, দেশের সীমান্তে সেনারা দিনরাত পাহারা দেন বলেই সাধারণ মানুষ নিশ্চিন্তে জীবনযাপন করতে পারেন। সেখানে এমন অসম্মানজনক মন্তব্য মেনে নেওয়া যায় না।
রাতে গ্রেফতার, আদালতে তোলার আগে ‘দুঃখপ্রকাশ’
অভিযোগের ভিত্তিতেই শুক্রবার রাতে অভিযুক্তের বাড়িতে হানা দেয় পুলিশ এবং সেখান থেকেই তাঁকে গ্রেফতার করা হয়। শনিবার সকালে তাঁকে রানাঘাট আদালতে তোলা হয়।
তবে আদালতে উপস্থিত হওয়ার আগে অভিযুক্ত যুবক তাঁর কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করেছেন এবং জানিয়েছেন, তিনি আবেগের বশে ওই মন্তব্য করেছিলেন। দেশের সুরক্ষা ও সম্মানের প্রতীককে নিয়ে প্রকাশ্যে কটাক্ষ করার এই ঘটনা আইনত দণ্ডনীয় অপরাধ বলেই জানিয়েছে পুলিশ।