পুজোর আগে মন খারাপের খবর! সোম-মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা

দুর্গাপূজা আর এক মাসও বাকি নেই, কিন্তু আবহাওয়ার পরিস্থিতি এখনও তেমন অনুকূল নয়। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, মৌসুমি অক্ষরেখা সক্রিয় থাকার কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ করছে, ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে।
শনি ও রবিবার দক্ষিণবঙ্গের কোনো জেলায় আলাদা করে কোনো সতর্কতা নেই, তবে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু সোমবার থেকে আবহাওয়া বদলাতে পারে। কলকাতা ও দক্ষিণবঙ্গের সব জেলায় সোমবার ও মঙ্গলবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, যার জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
উত্তরবঙ্গের পরিস্থিতি কিছুটা ভিন্ন। সপ্তাহান্তে সমতল থেকে পাহাড় পর্যন্ত সব জায়গাতেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনি ও রবিবার ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার পর্যন্ত জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলতে পারে।