পুজোর আগে ট্রেন অবরোধ! উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে কুড়মি সমাজের বিক্ষোভে বিপর্যস্ত রেল পরিষেবা

পুজোর প্রাক্কালে উচ্চ আদালতের নির্দেশ অমান্য করে আজ, ২০শে সেপ্টেম্বর, শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য ‘রেল টেকা’ ও ‘ডহর ছেঁকা’র ডাক দিয়েছে আদিবাসী কুড়মি সমাজ। জাতিসত্ত্বার দাবিতে এই অবরোধ কর্মসূচির ফলে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর সহ প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও ওড়িশার বিভিন্ন রেল স্টেশনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে।

কুড়মি নেতা অজিত প্রসাদ মাহাতো জানিয়েছেন, এই আন্দোলন অনির্দিষ্টকালের জন্য চলবে। যদিও সকাল ৯টা পর্যন্ত বেশিরভাগ জায়গায় এর তেমন কোনো প্রভাব দেখা যায়নি, তবে ধানবাদ ডিভিশনের খড়গপুর ও পরেশনাথ স্টেশনে এর প্রভাব পড়েছে।

বাতিল ও ঘুরপথে চলছে বহু ট্রেন
খড়গপুর ডিভিশনের জনসংযোগ আধিকারিক (PRO) নিশান্ত কুমার জানিয়েছেন, কুড়মি সমাজের আন্দোলনের ফলে একাধিক ট্রেন বাতিল, যাত্রাপথ সংক্ষিপ্ত এবং ঘুরপথে চালানো হয়েছে। এর ফলে সাধারণ যাত্রীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

বাতিল করা ট্রেনগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো:

১৩৫০৪ হাঁটিয়া–বর্ধমান প্যাসেঞ্জার

৫৩৩২৭ সিন্দ্রি–ধানবাদ প্যাসেঞ্জার

৫৮০৩৩ বোকরো স্টিল সিটি–রাঁচি প্যাসেঞ্জার

এছাড়াও পাটনা–রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে বা ঘুরপথে চালানো হচ্ছে।

রেল কর্তৃপক্ষ যাত্রীদের কাছে আগাম তথ্য যাচাই করে যাত্রার পরিকল্পনা করার আহ্বান জানিয়েছে। পুজোর মুখে এই অবরোধে রেল পরিষেবা স্বাভাবিক হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।