পুজোয় অনুদান পেতে শর্ত, মণ্ডপে লাগাতে হবে মুখ্যমন্ত্রীর ছবি! বিধায়কের বক্তব্যে বিতর্ক

পশ্চিমবঙ্গের দুর্গাপূজা কমিটির জন্য সরকারি অনুদান নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এবার নন্দকুমারের তৃণমূল বিধায়ক সুকুমার দে সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন যে, সরকারি অনুদান পাওয়া ক্লাবগুলোকে মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি লাগাতে হবে, অন্যথায় আগামী বছর অনুদান বন্ধ করে দেওয়া হবে। এই মন্তব্যের পরই শুরু হয়েছে তীব্র রাজনৈতিক বিতর্ক।
বৃহস্পতিবার নন্দকুমারে পুজো কমিটিগুলোকে সরকারি অনুদান বিতরণের এক অনুষ্ঠানে সুকুমার দে বলেন, “সরকারিভাবে অনুদান পাওয়ার পরেও অনেক পুজো মণ্ডপে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো হচ্ছে না।” তিনি আরও বলেন যে, তিনি নিজে ডায়েরি নিয়ে তার বিধানসভার মণ্ডপগুলো ঘুরে দেখবেন এবং যেসব মণ্ডপে মুখ্যমন্ত্রীর ছবি থাকবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিধায়কের এই ধমক দেওয়া ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
শুভেন্দু অধিকারী বিধায়কের এই মন্তব্যের তীব্র সমালোচনা করে বলেন, “মুখ্যমন্ত্রী দুর্গাপূজায় ক্লাবগুলিকে যে অনুদান দিচ্ছেন, তা রাজ্যের জনগণের করের টাকা। কিন্তু নন্দকুমারের বিধায়ক যেভাবে ধমকাচ্ছেন, মনে হচ্ছে এই টাকা যেন তাদের পৈতৃক সম্পত্তি।” তিনি আরও অভিযোগ করেন যে, সরকার ঋণ নিয়ে ক্লাবগুলোকে টাকা দিচ্ছে, যা কোনো ব্যক্তিগত সম্পত্তি নয়।
অন্যদিকে, বিধায়ক সুকুমার দে নিজের অবস্থান পরিষ্কার করে বলেন, “মুখ্যমন্ত্রী অনুদান দেওয়ায় অনেকেই আদালতের মাধ্যমে বাধা দেওয়ার চেষ্টা করছেন। এরপরও মুখ্যমন্ত্রী অনুদান দিচ্ছেন। কিন্তু কিছু ক্লাব মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে না। কেন্দ্রে কোনো প্রকল্প থাকলে প্রধানমন্ত্রীর ছবি থাকে, অন্য রাজ্যের প্রকল্পে তাদের মুখ্যমন্ত্রীর ছবি থাকে; তাহলে আমাদের রাজ্যে আমাদের মুখ্যমন্ত্রীর ছবি কেন থাকবে না? এটাই আমি বলতে চেয়েছিলাম।”