‘পিতৃপক্ষে পুজো উদ্বোধন, হিন্দু ধর্মে আঘাত’, মমতাকে আক্রমণ শুভেন্দুর!

মহালয়ার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর দুর্গাপুজোর উদ্বোধন শুরু করা নিয়ে রাজ্যে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা ‘হিন্দু ধর্ম ও রীতিনীতির ওপর সরাসরি আঘাত’। তিনি অভিযোগ করেন যে মুখ্যমন্ত্রী দুর্গাপূজাকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিণত করতে চাইছেন এবং অসম্পূর্ণ মণ্ডপের উদ্বোধন করছেন।

শুভেন্দু অধিকারীর এই মন্তব্যের কড়া জবাব দিয়েছেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, “হিন্দু ধর্মের বিষয়ে আমরা শুভেন্দুদের অনেক কিছু শিখিয়ে দেব।” তিনি জানান, মুখ্যমন্ত্রীকে তিন হাজারের বেশি পুজোর উদ্বোধন করতে হবে, তাই সময়ের অভাবে তিনি আগেই কিছু মণ্ডপের উদ্বোধন শুরু করেছেন। কুণাল ঘোষ আরও বলেন, মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠের অনুষ্ঠান যখন সম্প্রচারিত হয়, তখনও পিতৃপক্ষই থাকে। এছাড়াও, তিনি জানান যে পুরুলিয়া বা গড়পঞ্চকোটের মতো কিছু জায়গায় পঞ্জিকা মেনেই ১৬ দিন আগে পূজা শুরু হয়।

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই বিতর্কে ভিন্ন সুর যোগ করেছেন। তিনি বলেন, “মমতাই ভগবান, আর ভগবানই মমতা। উনিই পঞ্জিকার উর্ধে।” তার এই কটাক্ষ ইঙ্গিত দেয় যে এই বছরও পুজোর আবহে রাজনীতি উত্তপ্ত থাকবে।