একদিনের দুর্গাপুজো! আজ মহালয়াতেই শুরু ও শেষ হচ্ছে এই জেলার পুজো, জানলে অবাক হবেন

সাধারণত মহালয়ার পর দুর্গাপূজার জন্য ৬ দিন অপেক্ষা করতে হয়। কিন্তু পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার বার্নপুরের ধেনুয়া গ্রামে এই নিয়ম সম্পূর্ণ ভিন্ন। এখানে দামোদর নদের তীরে অবস্থিত কালীকৃষ্ণ আশ্রমে মহালয়ার দিনেই দুর্গাপূজা শুরু হয় এবং সেদিনই তা শেষ হয়ে যায়।

আশ্রমের প্রথা অনুযায়ী, মহালয়ার দিনেই ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী-র পুজো সম্পন্ন করা হয়। লোকমুখে প্রচলিত যে, ১৯৭৮ সালে তেজনন্দ ব্রহ্মচারী স্বপ্নাদেশ পেয়ে এই পুজোর সূচনা করেন। পরে কালীকৃষ্ণ সরস্বতী ঠাকুরের হাত ধরে এই পুজোর প্রসার ঘটে। তিনি গ্রামবাসীদের থেকে অর্থ সংগ্রহ করে একটি ছোট মন্দির তৈরি করেন এবং নিজেই প্রতিমা তৈরি করে পুজো শুরু করেন।

এই পুজোর আরও কিছু বিশেষত্ব রয়েছে। এখানে দেবী দুর্গাকে তাঁর চার ছেলেমেয়ে – লক্ষ্মী, সরস্বতী, গণেশ এবং কার্তিক – ছাড়াই পূজা করা হয়। বরং তিনি তাঁর দুই সখী জয়া এবং বিজয়া-কে সঙ্গে নিয়ে পূজিত হন। এখানে মা সিংহবাহিনী বা মহিষমর্দিনী নন। মাত্র এক ঘণ্টায় সব পুজো সম্পন্ন করে সেদিনই প্রতিমা বিসর্জন দেওয়া হয়। দূর-দূরান্ত থেকে মানুষ এই অভিনব পুজো দেখতে ছুটে আসেন। স্থানীয় শিল্পীরাই এই প্রতিমা তৈরি করেন, যা এই পূজাকে আরও বিশেষ করে তোলে।