পিজি ও হোস্টেলে কি ফের বড় বিপদ? দিল্লির মর্মান্তিক ধসের পর দেশজুড়ে কঠোর পদক্ষেপের ইঙ্গিত সুপ্রিম কোর্টের!

দিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পিজি বিল্ডিং ধসে পড়ার মর্মান্তিক ঘটনার পর এবার নড়েচড়ে বসল সুপ্রিম কোর্ট। ওই দুর্ঘটনায় সাতজন মানুষের প্রাণহানির পর দেশজুড়ে বেসরকারি পিজি এবং হোস্টেলগুলোর নিরাপত্তা ব্যবস্থা ও নির্মাণবিধি লঙ্ঘনের বিষয়টি সর্বভারতীয় স্তরে খতিয়ে দেখার ইঙ্গিত দিয়েছে শীর্ষ আদালত। মঙ্গলবার বিচারপতি আহসানউদ্দিন আমানুল্লাহ এবং বিচারপতি আর মহাদেবনের বেঞ্চ স্পষ্ট জানিয়েছে যে, এই সুরক্ষা সংক্রান্ত বিষয়টি আর কেবল এক রাজ্যের মধ্যে সীমাবদ্ধ রাখা যাবে না।
আইনি প্রক্রিয়া সূত্রে জানা গিয়েছে, বর্তমানে দিল্লি হাইকোর্টে এই বিষয়ে একটি জনস্বার্থ মামলা চলছে। তবে পরিস্থিতির গুরুত্ব বিচার করে সুপ্রিম কোর্ট ওই মামলাটি নিজের কাছে স্থানান্তরের কথা বিবেচনা করছে। আদালত জানিয়েছে যে, সারা দেশের ছাত্রছাত্রী এবং কর্মজীবীরা যারা এই ধরনের পিজি বা হোস্টেলে থাকেন, তাঁদের সুরক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে তাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আগামী বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে এবং সেখানেই এ বিষয়ে আরও বড় নির্দেশ আসতে পারে বলে মনে করা হচ্ছে।