পিছিয়ে গেল ভোটার তালিকা প্রকাশ! সুপ্রিম নির্দেশের পরই তড়িঘড়ি দিল্লি ছুটলেন রাজ্যের সিইও

পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা সংশোধন বা ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ (SIR) প্রক্রিয়া নিয়ে তৈরি হয়েছে নতুন আইনি জটিলতা। সোমবার সুপ্রিম কোর্টের নির্দেশের পর পরিস্থিতির মোকাবিলায় রাতেই তড়িঘড়ি দিল্লি রওনা দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ কুমার আগরওয়াল। মঙ্গলবার তিনি জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন।

উল্লেখ্য, সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্য কান্তের বেঞ্চ নির্দেশ দিয়েছে যে, ১৪ ফেব্রুয়ারির পরিবর্তে ভোটার তালিকার স্ক্রুটিনি বা যাচাইয়ের জন্য আরও সাত দিন অতিরিক্ত সময় দিতে হবে। অর্থাৎ, আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই স্ক্রুটিনি প্রক্রিয়া। ফলে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ১৪ ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা এখন আর সম্ভব নয়। শীর্ষ আদালতের এই কড়া বার্তার পর স্বভাবতই প্রশ্ন উঠেছে— তবে কি পিছিয়ে যাবে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা?

দিল্লি যাওয়ার পথে কলকাতা বিমানবন্দরে সিইও মনোজ আগরওয়ালকে প্রশ্ন করা হয়েছিল, ২৮ ফেব্রুয়ারির মধ্যে কি তালিকা প্রকাশ সম্ভব? আত্মবিশ্বাসের সঙ্গে তিনি জানান, “কেন সম্ভব হবে না? কাজ পুরোদমে চলছে এবং মাইক্রো অবজার্ভাররা এ বিষয়ে পূর্ণ সহযোগিতা করবেন।” এদিনের বৈঠকে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সম্ভাব্য তারিখ এবং ভোট প্রস্তুতির ব্লু-প্রিন্ট নিয়ে আলোচনা হবে। রাজনৈতিক মহলের ধারণা, এই বৈঠকের পরই স্পষ্ট হবে বঙ্গে ভোটের দামামা ঠিক কবে বাজতে চলেছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy