প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হলো ২০২৬ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এবারের ফলাফলে এক অভাবনীয় সাফল্যের চিত্র ফুটে উঠেছে রাজ্যজুড়ে। চলতি বছরে পাসের হার ৯১.২৩ শতাংশ, যা বিগত কয়েক বছরের পরিসংখ্যানের নিরিখে অত্যন্ত আশাব্যাঞ্জক। তবে এবারের ফলাফলের সবথেকে বড় চমক হলো ছাত্রীদের অভাবনীয় সাফল্য। শতাংশের বিচারে ছাত্রদের রীতিমতো পেছনে ফেলে দিয়েছেন ছাত্রীরা। ফল প্রকাশ হতেই উত্তীর্ণ পরীক্ষার্থীদের উষ্ণ অভিনন্দন জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
মুখ্যমন্ত্রীর আবেগঘন বার্তা:
ফলাফল ঘোষণার কিছুক্ষণের মধ্যেই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি বিশেষ পোস্ট করেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, “উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তোমাদের কঠোর পরিশ্রম, অধ্যাবসায় এবং আত্মবিশ্বাস আজ সাফল্যের রূপ নিয়েছে। জীবনের এই গুরুত্বপূর্ণ অধ্যায়ে অর্জিত এই সাফল্য আগামীদিনের পথ চলায় আরও বড় স্বপ্নের অনুপ্রেরণা জোগাক।” তিনি আরও যোগ করেন, “তোমাদের সকলের ভবিষ্যৎ উজ্জ্বল হোক। তোমাদের জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্যের সঙ্গে প্রতিষ্ঠিত হও। পরিবার, সমাজ ও রাজ্যের মুখ উজ্জ্বল করো এই কামনাই করি। সকলের জন্য রইল অনেক শুভেচ্ছা ও আশীর্বাদ।”
মেয়েদের চমকপ্রদ সাফল্য:
সংসদ সূত্রে খবর, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যার পাশাপাশি সাফল্যের হারেও মেয়েরা নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। রাজ্যের গ্রামীণ এলাকা থেকে শুরু করে শহরতলি— সর্বত্রই ছাত্রীদের জয়জয়কার। অন্যদিকে, কলকাতা থেকেও প্রথম দশে ৪ জন জায়গা করে নিয়ে শহরের শিক্ষা ব্যবস্থার গরিমা বজায় রেখেছেন। মেধা তালিকার শীর্ষে থাকা পড়ুয়ারা যেমন চর্চায় রয়েছেন, তেমনই জেলাগুলির সামগ্রিক সাফল্য নজর কেড়েছে শিক্ষা মহলের।
আগামীর প্রস্তুতি:
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের মতে, কঠোর নজরদারি এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে এবারের পরীক্ষা সম্পন্ন হয়েছিল। পাসের এই উচ্চ হার রাজ্যে শিক্ষার মানোন্নয়নেরই ইঙ্গিত দিচ্ছে। মুখ্যমন্ত্রী যেমন পড়ুয়াদের আগামীর স্বপ্ন দেখার অনুপ্রেরণা দিয়েছেন, তেমনই অভিভাবক ও শিক্ষকরাও এই সাফল্যে উচ্ছ্বসিত। ডেইলিয়ান্ট-এর পক্ষ থেকেও সফল সকল ছাত্রছাত্রীদের আগামীর জন্য শুভকামনা রইল।





