পালি হিলসের ১৭ তলা প্রাসাদ হাতছাড়া! ইডি দফতরে হাজিরা দিয়ে জেরার মুখে অনিল অম্বানী

এক সময়ের এশিয়ার অন্যতম শীর্ষ ধনকুবের অনিল অম্বানীর সাম্রাজ্যে এবার চূড়ান্ত সংকটের কালো মেঘ। ৪০ হাজার কোটি টাকার ব্যাঙ্ক ঋণ জালিয়াতি ও আর্থিক তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)-এর দিল্লি অফিসে হাজিরা দিলেন রিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান। ৬৬ বছর বয়সী অনিল অম্বানীকে আজ দীর্ঘক্ষণ জেরা করেন তদন্তকারীরা। রিলায়েন্স কমিউনিকেশনস (RCOM) সংক্রান্ত এই মামলায় এটি তাঁর দ্বিতীয়বার হাজিরা।

তদন্তের মাঝেই বড় ধাক্কা খেয়েছেন মুকেশ অম্বানীর ছোট ভাই। মুম্বইয়ের পালি হিলসে তাঁর বিলাসবহুল ১৭ তলা বাসভবনটি প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট (PMLA)-এর অধীনে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় সংস্থা। ৩,৭১৬ কোটি টাকা মূল্যের এই বিশাল সম্পত্তির একাংশ আগেই ইডির নজরে ছিল, তবে এবার প্রভিশনাল অর্ডারের মাধ্যমে এর হস্তান্তর বা বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

ইডির দাবি, অনিল অম্বানীর আরকম ও তার সহযোগী সংস্থাগুলি দেশি-বিদেশি মিলিয়ে মোট ৪০,১৮৫ কোটি টাকার ঋণ নিয়েছে, যার একটি বড় অংশ তছরুপ করা হয়েছে বলে অভিযোগ। এই মামলায় এখনও পর্যন্ত অনিল অম্বানীর প্রায় ১৫,৭০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। বিপুল প্রতিপত্তি থেকে কেন্দ্রীয় সংস্থার স্ক্যানারে আসা— অনিল অম্বানীর এই পতন এখন কর্পোরেট দুনিয়ায় সবথেকে বড় আলোচনার বিষয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy