বঙ্গ রাজনীতির সবথেকে বড় মুহূর্ত আজ। জল্পনার অবসান ঘটিয়ে আজই ২৯৪টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা ঘোষণা করতে পারেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীঘাট সূত্রের খবর, এবারের তালিকায় ‘ক্লিন ইমেজ’ এবং ‘নতুন প্রজন্ম’—এই দুই মন্ত্রেই শান দিয়েছেন দিদি। প্রার্থী তালিকা থেকে ছেঁটে ফেলা হতে পারে একাধিক বিতর্কিত হেভিওয়েটকে।
সবচেয়ে বড় চমক হতে পারে বেহালা পশ্চিমে। নিয়োগ দুর্নীতি মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কে এবার আর টিকিট দিচ্ছে না দল, এটা প্রায় নিশ্চিত। তাঁর জায়গায় বেহালা পূর্বের বিধায়ক রত্না চট্টোপাধ্যায়কে আনা হতে পারে। অন্যদিকে, বারাসতে চিরঞ্জিত চক্রবর্তীর বদলে সব্যসাচী দত্ত এবং সোনারপুরে একাধিক বিতর্কে জড়ানো লাভলি মৈত্রর টিকিট পাওয়া নিয়ে সংশয় দানা বেঁধেছে।
নতুন ও গ্ল্যামার মুখের ভিড়ে এবার বড় চমক হতে পারেন অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় এবং গায়িকা ইমন চক্রবর্তী। পাশাপাশি যুব সংগঠনকে গুরুত্ব দিতে তৃণাঙ্কুর ভট্টাচার্য ও জয়া দত্তকে ভোটের ময়দানে নামাতে পারেন মমতা। কুণাল ঘোষ এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মতো চেনা নামগুলোও এবার প্রার্থী তালিকায় জায়গা পেতে পারেন বলে জোর গুঞ্জন। সব মিলিয়ে তৃণমূলের এই তালিকা শুধু ভোটের লড়াই নয়, বরং এক নতুন রাজনৈতিক বার্তা দিতে চলেছে।