পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত কেবল আঞ্চলিক নয়, এর আঁচ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। একে অপরের বিরুদ্ধে ক্রমাগত হামলা-পাল্টা হামলায় যুদ্ধের সমাপ্তি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই অস্থির পরিস্থিতির সরাসরি প্রভাব পড়েছে বিশ্ববাজারের জ্বালানি সরবরাহে, যার ফলে তেলের দাম আকাশছোঁয়া। বিশ্বজুড়ে জিনিসপত্রের দাম বাড়ায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠেছে।
তবে এই ভূ-রাজনৈতিক সংকটের মধ্যেও আশার আলো দেখছে কিছু দেশ। জেফরিস (Jefferies)-এর সাম্প্রতিক রিপোর্টে দাবি করা হয়েছে, পশ্চিম এশিয়ার এই যুদ্ধের জেরে আর্থিকভাবে সবচেয়ে বেশি লাভবান হচ্ছে রাশিয়া ও চিন। রিপোর্টে বিশ্লেষণ করা হয়েছে, কীভাবে যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট ও ভূ-রাজনৈতিক মেরুকরণকে কাজে লাগিয়ে এই দুই শক্তিধর দেশ নিজেদের অর্থনৈতিক পরিকাঠামো মজবুত করছে।
বিশেষজ্ঞদের মতে, জ্বালানি তেলের বাজারে প্রভাব বিস্তার এবং বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমেই মূলত এই ফায়দা লুটছে রাশিয়া ও চিন। যুদ্ধ যেখানে বিশ্ব অর্থনীতিতে মুদ্রাস্ফীতির বোঝা চাপাচ্ছে, সেখানে এই দুই দেশ তাদের কৌশলগত অবস্থান ব্যবহার করে লাভের অঙ্ক বাড়িয়ে চলেছে। বিশ্বজুড়ে যখন অস্থিরতা চরমে, তখন এই রিপোর্ট আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।