পশ্চিম এশিয়ায় যুদ্ধের মেঘ! কাল মুখ্যমন্ত্রীদের সঙ্গে মোদীর হাইভোল্টেজ বৈঠক, তালিকায় কি বাংলা?

পশ্চিম এশিয়ায় ইজরায়েল-ইরান সংঘাতের আঁচ এবার ভারতের অন্দরে। উদ্ভূত পরিস্থিতিতে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা এবং জ্বালানি সুরক্ষা নিশ্চিত করতে আগামীকাল অর্থাৎ শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সূত্র মারফত খবর, এই বৈঠকে প্রধানমন্ত্রী ‘যুদ্ধকালীন প্রস্তুতি’ বা ‘War Preparedness’-এর আদলে একগুচ্ছ নির্দেশিকা দিতে পারেন। বিশেষত হরমুজ প্রণালী দিয়ে ভারতের বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা এবং দেশে রান্নার গ্যাসের (LPG) জোগান স্বাভাবিক রাখাই হবে এই বৈঠকের মূল অ্যাজেন্ডা।

তবে এই গুরুত্বপূর্ণ বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থাকা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বর্তমানে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের দামামা বেজে গিয়েছে এবং রাজ্যে নির্বাচনী আচরণবিধি (Model Code of Conduct) জারি রয়েছে। নিয়ম অনুযায়ী, যে সমস্ত রাজ্যে নির্বাচন চলছে (পশ্চিমবঙ্গ, অসম, তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরি), সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা এই প্রশাসনিক বৈঠকে সরাসরি অংশ নিতে পারেন না। পরিবর্তে এই রাজ্যগুলির মুখ্যসচিবদের নিয়ে ক্যাবিনেট সচিবালয় আলাদাভাবে প্রস্তুতি খতিয়ে দেখবে বলে খবর।

ইরান ইতিমধ্যেই ভারত-সহ পাঁচটি ‘বন্ধু দেশের’ জন্য হরমুজ প্রণালীর দরজা খুলে দেওয়ার কথা ঘোষণা করেছে, যা দিল্লির জন্য বড় কূটনৈতিক জয়। তা সত্ত্বেও বিশ্ববাজারে তেলের দামের অস্থিরতা এবং এলপিজি সংকটের আশঙ্কায় কেন্দ্র কোনো ঝুঁকি নিতে চাইছে না। প্রধানমন্ত্রী চাইছেন ‘টিম ইন্ডিয়া’র মেজাজে রাজ্যগুলির সঙ্গে সমন্বয় বজায় রেখে যেকোনো জরুরি পরিস্থিতির মোকাবিলা করতে। এখন দেখার, নির্বাচনের আবহে বাংলার বকেয়া পাওনা বা সুরক্ষা নিয়ে মুখ্যসচিবের মাধ্যমে নবান্ন কী বার্তা দেয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy