পশ্চিমবঙ্গের ‘গভীর অসুখ’ সারাতে দাওয়াই বিজেপির! ১ মার্চ থেকে শুরু হাই-ভোল্টেজ ‘পরিবর্তন যাত্রা’

আসন্ন বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ফের একবার ‘পরিবর্তন যাত্রা’-র কৌশলে ফিরল বিজেপি। আগামী ১ মার্চ থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে এই মেগা প্রচার অভিযান। শুক্রবার এক সাংবাদিক বৈঠকে এই যাত্রার আনুষ্ঠানিক ঘোষণা করে রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য এক চাঞ্চল্যকর মন্তব্য করেন। তিনি বলেন, “পশ্চিমবঙ্গের গভীর অসুখ সারাতেই এই যাত্রা। তাই আমরা তৃণমূল, বাম এবং কংগ্রেস— সকলকেই এই যাত্রায় শামিল হওয়ার আমন্ত্রণ জানাচ্ছি।”

যাত্রার বিস্তারিত নির্ঘণ্ট:

  • ১ মার্চ: ৪টি বড় জনসভার মাধ্যমে উত্তর ও দক্ষিণবঙ্গের ৪টি প্রান্ত (কোচবিহার দক্ষিণ, কৃষ্ণনগর দক্ষিণ, গড়বেতা ও কুলটি) থেকে যাত্রার সূচনা।

  • ২ মার্চ: আরও ৫টি জনসভা ও ৫টি পয়েন্ট (ইসলামপুর, সন্দেশখালি, হাসান ও আমতা) থেকে যাত্রা শুরু।

  • ৩ ও ৪ মার্চ: দোল ও হোলি উপলক্ষে যাত্রা স্থগিত থাকবে।

  • ৫-১০ মার্চ: ৫ তারিখ থেকে ফের ৯টি জায়গা থেকে যাত্রা শুরু হয়ে ১০ তারিখ কলকাতায় এসে এই অভিযান শেষ হবে।

মোদীর ব্রিগেড সমাবেশের সংকেত: বিজেপি সূত্রে খবর, এই যাত্রার সমাপ্তি হবে কলকাতায় একটি বিশাল সমাবেশের মাধ্যমে, যেখানে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উপস্থিত থাকতে পারেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ১ মার্চ রায়দিঘি থেকে এই যাত্রার উদ্বোধন করবেন বলে জানা গিয়েছে। শমীক ভট্টাচার্যের দাবি, এই যাত্রা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়, বরং পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিক ও সামাজিক পরিকাঠামো পরিবর্তনের ডাক। বিরোধীদের আমন্ত্রণ জানানো নিয়ে শমীকের কটাক্ষ, “যাদের বাংলায় এই ব্যবস্থার প্রতি বিতৃষ্ণা তৈরি হয়েছে, তারা যে দলেই থাকুন, আমাদের যাত্রায় স্বাগত।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy