পরীক্ষা দিয়ে হাসিমুখে বাড়ি ফিরছিল অষ্টম শ্রেণির এক নাবালিকা। কিন্তু সেই যাত্রাই যে তার জীবনের অন্ধকারতম অধ্যায় হয়ে দাঁড়াবে, তা কেউ কল্পনাও করতে পারেনি। রাস্তায় তৃষ্ণা মেটাতে সামান্য জল খেয়েই বিপত্তি। মুহূর্তের মধ্যে সংজ্ঞা হারায় ওই ছাত্রী। আর সেই সুযোগেই তাকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। চাঞ্চল্যকর এই ঘটনাটি এলাকায় তীব্র আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি করেছে।
সূত্রের খবর, ওই নাবালিকা স্কুল থেকে পরীক্ষা দিয়ে বান্ধবীর সঙ্গে বাড়ি ফিরছিল। প্রবল গরমে তৃষ্ণার্ত হয়ে পড়লে রাস্তার এক জায়গায় তাদের জল দেওয়া হয়। অভিযোগ, সেই জল পান করার কিছুক্ষণের মধ্যেই নাবালিকা অচেতন হয়ে পড়ে। অভিযোগের তির তার এক পরিচিত ও আরেক অজ্ঞাতপরিচয় যুবকের দিকে। তারা সংজ্ঞাহীন অবস্থায় মেয়েটিকে নির্জন স্থানে তুলে নিয়ে গিয়ে পাশবিক অত্যাচার চালায়।
সন্ধ্যা গড়িয়ে গেলেও মেয়ে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় পড়েন পরিবারের সদস্যরা। খোঁজাখুঁজি শুরু হলে পরে তাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। জ্ঞান ফেরার পর পরিবারের কাছে ভয়াবহ অভিজ্ঞতার কথা জানায় ওই নাবালিকা। তড়িঘড়ি তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। পুলিশ ইতিমধ্যেই অভিযোগ দায়ের করে তদন্তে নেমেছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। এই ঘটনায় নারী নিরাপত্তা নিয়ে ফের একবার বড়সড় প্রশ্ন উঠে গেল।