পরিযায়ী শ্রমিকদের সম্মানে বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

পরিযায়ী শ্রমিকদের সম্মান জানাতে এবার বিশ্বকর্মা পুজোয় ছুটি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার জলপাইগুড়ির একটি সভা থেকে তিনি বলেন, “আমরা এ বছর ২০টা চা বাগান খুলে দিয়েছি। বিশ্বকর্মা পুজোর দিন পরিযায়ী শ্রমিকদের সম্মান জানানোর জন্য ছুটি থাকবে।”
নিয়োগ প্রক্রিয়া এবং বিরোধীদের নিশানা
মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকার ইতিমধ্যেই শিক্ষক নিয়োগের পরীক্ষা শুরু করেছে এবং গ্রুপ সি-এর বিজ্ঞপ্তিও জারি করেছে। তিনি বলেন, “৩৫ হাজার চাকরির বিজ্ঞপ্তি করেছি। আরও ২১ হাজার প্রস্তুত আছে। আমরা যখনই নিয়োগ করি, তখনই কোর্টে চলে যাওয়া হয়।” তিনি প্রশ্ন তোলেন, “কেন কোর্টে যাচ্ছ? ভোটে যাও।” তার মতে, বিরোধীরা ভোট জেতাতে না পেরে আদালতে গিয়ে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করতে চায়।
বাংলার উন্নয়ন ও রাজনৈতিক হিংসা
মুখ্যমন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেন, “বাংলাকে যত হিংসা করবে, বাংলা তত এগোবে।” তিনি রাজনৈতিক হিংসার তীব্র সমালোচনা করে বলেন, “একজন অন্যায় করলে তাকে জীবন্ত জ্বালিয়ে মেরে ফেলবে, এটা কিসের রাজনীতি? আমি এই রাজনীতি চাই না।” তিনি আরও বলেন, তিনি না থাকলে লুটেরারা লুট করবে এবং প্রশ্ন তোলেন, “আপনারা কি চান বাংলা গুজরাট হয়ে যাক?” মুখ্যমন্ত্রী দৃঢ়ভাবে জানান, যতদিন তিনি আছেন, ততদিন “জয় বাংলা” বলবেন।