২০২৫-এর প্রয়াগরাজ মহাকুম্ভ মেলায় রুদ্রাক্ষের মালা হাতে সেই বিষণ্ণ অথচ মায়াবী চোখের চাহনি আজও ভুলতে পারেননি নেটিজেনরা। রাতারাতি ‘ন্যাশনাল ক্রাশ’ হয়ে ওঠা সেই মোনালিসা ভোঁসলে এবার নিজের জীবনের নতুন ইনিংস শুরু করলেন। তবে এই বিয়ে কোনো রূপকথার গল্পের মতো মসৃণ ছিল না। পরিবারের তীব্র বিরোধিতা আর আইনি লড়াই পেরিয়ে কেরালার এক মন্দিরে নিজের দীর্ঘদিনের প্রেমিক ফরমান খানকে জীবনসঙ্গী করলেন তিনি।
পালিয়ে বিয়ে ও পুলিশি পাহারা: মোনালিসার অভিযোগ, তাঁর বাবা জয় সিং ভোঁসলে তাঁকে জোর করে মাসির ছেলের সঙ্গে বিয়ে দিতে চেয়েছিলেন। নিজের ভালোবাসা বাঁচাতে প্রেমিক ফরমানকে নিয়ে কেরালায় পাড়ি দেন তিনি। সেখানে তিরুবনন্তপুরমের থাম্পানুর থানায় হাজির হয়ে পুলিশি সুরক্ষা চান ১৮ বছর বয়সী এই তরুণী। পুলিশ তাঁর বাবাকে ডেকে জানিয়ে দেয়, সাবালিকা হিসেবে নিজের সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ অধিকার মোনালিসার রয়েছে। এরপরই কেরালার বাম সরকারের সহযোগিতায় ও কড়া পুলিশি পাহারায় আরুমানুর শ্রী নাইনার দেব মন্দিরে হিন্দু রীতি মেনেই সম্পন্ন হয় তাঁদের বিয়ে।
মুখ খুললেন মোনালিসা: বিয়ের পরেই তাঁদের সম্পর্ককে ‘লাভ জিহাদ’ বলে দাগিয়ে দেয় নেটপাড়ার একাংশ। এই বিতর্কের জবাবে সাংবাদিক বৈঠকে মোনালিসা সাফ জানান, “ফরমান আমাকে বিয়ে করতে চায়নি, আমিই ওকে জোর করেছি। আমাদের বিয়ে হিন্দু রীতি মেনেই হয়েছে। দয়া করে একে অন্য কোনো রঙ দেবেন না।” বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেরালার শিক্ষামন্ত্রী ভি শিবাকুট্টি-সহ একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। বর্তমানে একটি মালায়ালাম ছবির শুটিংয়ে ব্যস্ত থাকা মোনালিসা কেরালার মাটিতেই তাঁর ভবিষ্যতের সুখ খুঁজে পেয়েছেন।