পরাজয়ের পর অবশেষে মুখ খুললেন পাক অধিনায়ক! ‘সঠিক ম্যাচ খেলতে পারিনি’: সলমন আঘা

গ্রুপ পর্বের মতো সুপার ফোরের ম্যাচেও ভারতের কাছে হারল পাকিস্তান। এই টুর্নামেন্টে ভারতের কাছে এটি পাকিস্তানের দ্বিতীয় পরাজয়। গ্রুপ পর্বের হারের পর যেখানে পাকিস্তানি ক্রিকেটাররা মুখে কুলুপ এঁটেছিল, সেখানে রবিবার হারের পর অবশেষে মুখ খুললেন পাক অধিনায়ক সলমন আঘা। যদিও এদিনও দুই দলের ক্রিকেটারদের হাত মেলাতে দেখা যায়নি।
ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সলমন আঘা বলেন, “আমরা এখন পর্যন্ত সঠিক ম্যাচ খেলতে পারিনি। তবে ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আজকের শুরুটা ভালো ছিল, কিন্তু পাওয়ার প্লেতে ওরা (ভারত) ম্যাচটা আমাদের কাছ থেকে কেড়ে নিল।”
তিনি আরও বলেন, “আমাদের আরও অন্তত ১০ থেকে ১৫ রান করা উচিত ছিল। এই মাঠে ১৭০ থেকে ১৮০ রান একটি লড়াকু স্কোর, কিন্তু ভারত পাওয়ার প্লেতে ভালো খেলেছে, যা দুই দলের মধ্যে পার্থক্য তৈরি করে দিয়েছে।”
ভারতের কাছে পরপর দুটি পরাজয় সত্ত্বেও সলমন আঘা দলের মধ্যে কিছু ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন। তিনি বলেন, “আমাদের খেলোয়াড়রা যেভাবে ব্যাট ও বল করেছে, তাতে অনেক ইতিবাচক দিক রয়েছে।” আগামীতে অন্য শহরে, ভিন্ন পরিস্থিতিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলতে হবে বলে জানান তিনি এবং তার দল সেই ম্যাচের দিকেই তাকিয়ে আছে।
প্রসঙ্গত, গ্রুপ পর্বের ম্যাচেও টসের সময় ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব পাকিস্তানের সঙ্গে হাত মেলাননি। সুপার ফোরের ম্যাচেও সেই একই ‘নো-হ্যান্ডশেক’ নীতি বজায় রেখেছিল ভারতীয় দল।