ইরান ও ইজরায়েলের মধ্যে সামরিক সংঘাত এখন চরম আকার ধারণ করেছে। বিশেষ করে আকাশপথে হামলা এবং বিভিন্ন দেশে ড্রোন আক্রমণের জেরে মধ্যপ্রাচ্যের আকাশসীমা ও নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত। এই পরিস্থিতিতে ওই অঞ্চলে বসবাসকারী ভারতীয় পড়ুয়াদের কথা মাথায় রেখে সিবিএসই (CBSE) বোর্ড একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি জারি করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাহরাইন, ইরান, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE) আগামী ১১ মার্চ পর্যন্ত নির্ধারিত দশম শ্রেণির সমস্ত বোর্ড পরীক্ষা বাতিল করা হলো।
অন্যদিকে, দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে ৭ মার্চের নির্ধারিত পরীক্ষাটি স্থগিত রাখা হয়েছে। বোর্ডের পক্ষ থেকে পরীক্ষা নিয়ন্ত্রক সংযম ভরদ্বাজ জানিয়েছেন, বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে পড়ুয়া এবং স্কুল কর্মীদের যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। দশম শ্রেণির ক্ষেত্রে ফলাফলের মূল্যায়ন কীভাবে হবে, তা পরবর্তীতে জানানো হবে। দ্বাদশ শ্রেণির পরবর্তী পরীক্ষাগুলোর বিষয়ে পরিস্থিতি পর্যালোচনা করে আগামী ৭ মার্চ চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভারত এবং বিশ্বের অন্যান্য দেশের পরীক্ষাগুলো পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী চলবে। বিদেশের মাটিতে এই নজিরবিহীন পরীক্ষা বাতিলের সিদ্ধান্তে হাজার হাজার অভিভাবক ও ছাত্রছাত্রীদের মধ্যে তীব্র উদ্বেগ ছড়িয়েছে।