লখনউয়ের এক অভিজাত এলাকায় ঘটে গেল এক চরম মর্মান্তিক ও হাড়হিম করা হত্যাকাণ্ড। প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির চাপ সহ্য করতে না পেরে নিজের জন্মদাতা পিতাকেই রাইফেল দিয়ে গুলি করে খুনের অভিযোগ উঠল ১৯ বছরের এক বি.কম পড়ুয়ার বিরুদ্ধে। নিহতের নাম মানবেন্দ্রপ্রতাপ সিং (৪৯), যিনি এলাকায় এক বিশিষ্ট ব্যবসায়ী ও প্যাথলজি ল্যাবের মালিক ছিলেন। গত ২০ ফেব্রুয়ারি থেকে নিখোঁজ থাকার পর, পুলিশ তল্লাশি চালিয়ে তাঁরই বাড়ির একতলার একটি নীল ড্রাম থেকে তাঁর পচা-গলা দেহাংশ উদ্ধার করে।
তদন্তে নেমে ডিসিপি বিক্রান্ত বীর জানান, অভিযুক্ত ছেলে অক্ষতপ্রতাপ সিং জেরায় স্বীকার করেছে যে ভোর ৪.৩০ মিনিটে বাবার সঙ্গে ঝগড়ার জেরে সে এই কাণ্ড ঘটায়। সে চায়নি চিকিৎসা পেশায় যেতে, কিন্তু বাবা তাকে জোর করতেন। খুনের পর তিন তলা থেকে দেহ এক তলায় নিয়ে এসে তা টুকরো টুকরো করে প্লাস্টিক বন্দি করে। কিছু অংশ গ্রামের ঝোপে ফেললেও বাকিটা বাড়িতেই লুকানো ছিল। সবথেকে নৃশংস বিষয় হলো, অক্ষতের বোন এই ঘটনা দেখে ফেললে তাকে ভয় দেখিয়ে চুপ করিয়ে দেওয়া হয় এবং তার সামনেই সে দেহ টুকরো করতে থাকে। বর্তমানে অভিযুক্ত পুলিশি হেফাজতে রয়েছে এবং ফরেনসিক দল নমুনা সংগ্রহ করছে।