পচা শামুকে পা কাটবে না তো? কোর্টে না আসায় প্রাক্তন শিক্ষামন্ত্রীকে হুঁশিয়ারি, সারেন্ডার করা হলো পাসপোর্ট

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পেলেও, বুধবার ব্যাঙ্কশাল আদালতে সশরীরে হাজিরা দিলেন না প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তাঁর অনুপস্থিতি এবং শান্তনু বন্দ্যোপাধ্যায়ের মতো অন্যান্য অভিযুক্তদের গরহাজিরায় বিচারক তীব্র ভর্ৎসনা করেন এবং জামিন বাতিল করার হুঁশিয়ারি দেন।
এদিন যারা আদালতে সশরীরে আসেননি, বিচারক তাঁদের উদ্দেশে কড়া মন্তব্য করে বলেন, “পচা শামুকে যেন পা না কাটে। কারণ, যাঁরা উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন তাঁদের সশরীরে আসতেই হবে। না হলে জামিন বাতিল হয়ে যেতে পারে।”
অন্যদিকে, এদিন আদালতে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী তাঁর পাসপোর্ট সারেন্ডার করেন। শারীরিক অসুস্থতার কারণে গত ১১ নভেম্বর জামিন পাওয়ার পর প্রাক্তন শিক্ষামন্ত্রী একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সম্প্রতি তিনি নাকতলার বাড়িতে ফিরেছেন।
এদিন চন্দ্রনাথ সিনহার বিরুদ্ধে চার্জ গঠনের দিন ধার্য থাকলেও, ইডির (ED) আইনজীবী জানান, তাঁরা এখনও প্রস্তুত নন। চন্দ্রনাথ সিনহার আইনজীবী আদালতকে জানান, জানুয়ারি মাস পর্যন্ত ডকুমেন্টগুলি পড়তে সময় লাগবে। এর পর মামলার পরবর্তী শুনানি ৬ সেপ্টেম্বর ধার্য করা হয়েছে।