পকেটে টান পড়তে চলেছে অ্যাপল ভক্তদের! নতুন আইফোন ১৮ প্রো সিরিজের দাম শুনেই চক্ষু চড়কগাছ!

প্রযুক্তির দুনিয়ায় অ্যাপল মানেই উন্মাদনা। গত তিন বছরের ধারা বজায় রেখে এ বছরও সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহেই বাজারে আসতে চলেছে অ্যাপলের ফ্ল্যাগশিপ স্মার্টফোন ‘আইফোন ১৮ প্রো’ সিরিজ। অ্যাপল যখন তাদের ম্যাকবুক ও আইপ্যাডের দাম বাড়িয়ে দিয়েছে, তখন আইফোনের দাম নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। তবে সম্প্রতি আইডিসি ইন্ডিয়ার ভাইস প্রেসিডেন্ট নাভেন্দর সিংয়ের একটি দাবি অ্যাপল ভক্তদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। তিনি জানিয়েছেন, এবার আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স-এর দাম বর্তমান মডেলগুলোর তুলনায় বেশ খানিকটা বাড়তে চলেছে।
বর্তমানে আইফোন ১৭ প্রো-এর প্রাথমিক মূল্য ১,৩৪,৯০০ টাকা। সূত্র অনুযায়ী, নতুন আইফোন ১৮ প্রো-এর দাম ১০,০০০ থেকে শুরু করে ১,৪২,০০০ টাকা পর্যন্ত হতে পারে। অন্যদিকে, প্রিমিয়াম মডেল ‘আইফোন ১৮ প্রো ম্যাক্স’-এর দাম ১.৫০ লক্ষ টাকা ছাড়িয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। কেন এই মূল্যবৃদ্ধি? প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, নতুন সিরিজে অ্যাপল এমন কিছু আপগ্রেড আনতে চলেছে যা স্মার্টফোন দুনিয়ায় নতুন মানদণ্ড তৈরি করবে।
ডিজাইনের ক্ষেত্রে আইফোন ১৭ প্রো-এর সাথে আইফোন ১৮ প্রো-এর খুব একটা বড় পার্থক্য না থাকলেও, ডিসপ্লের ‘ডাইনামিক আইল্যান্ড’-এর আকার কমিয়ে আরও বেশি ভিউয়িং এরিয়া দেওয়া হবে। তবে আসল বাজিমাত থাকবে ক্যামেরায়। আইফোন ১৮ প্রো সিরিজে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপের তিনটি সেন্সরই হবে ৪৮ মেগাপিক্সেলের। উন্নত সেন্সর ও অ্যাপারচারের কারণে কম আলোতেও ঝকঝকে ছবি উঠবে, যা পেশাদার ফটোগ্রাফারদের কাছে অন্যতম বড় আকর্ষণের বিষয় হবে।
রঙের ক্ষেত্রেও অ্যাপল আনছে বড় পরিবর্তন। আসন্ন এই সিরিজে কসমিক অরেঞ্জ রঙের পরিবর্তে যুক্ত হতে চলেছে প্রিমিয়াম ‘ডার্ক চেরি’ ভ্যারিয়েন্ট। ওয়াইন রেড শেডের এই নতুন রঙ আইফোন ১৮ প্রো-কে এক অভিজাত লুক দেবে। সেপ্টেম্বর মাসে লঞ্চের অপেক্ষায় থাকা এই স্মার্টফোন সিরিজটি দামের দিক থেকে সাধারণের ধরাছোঁয়ার বাইরে চলে গেলেও, ফিচারের দিক থেকে তা প্রযুক্তিপ্রেমীদের কাছে ড্রিম ডিভাইস হয়ে উঠবে। এখন দেখার, এই আকাশছোঁয়া দামের বাজারে অ্যাপলের নতুন এই ফ্ল্যাগশিপ সিরিজ কতটা প্রভাব ফেলে।