সামনেই নির্বাচন, আর তার আগেই জনকল্যাণমুখী প্রকল্পের ডালি সাজিয়ে বসেছে মমতা সরকার। যুবসাথী প্রকল্পে বেকারদের মাসে ১৫০০ টাকা দেওয়ার ঘোষণার পর এবার আলোচনায় রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় ‘রূপশ্রী’ প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়।
২০১৮ সালের ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই প্রকল্পের মূল লক্ষ্য হল দরিদ্র পরিবারগুলোকে চড়া সুদে ঋণ নেওয়ার হাত থেকে রক্ষা করা। রূপশ্রীর সুবিধা পেতে গেলে কনের বয়স ১৮ এবং বরের বয়স অন্তত ২১ বছর হওয়া বাধ্যতামূলক। পাশাপাশি পরিবারের বার্ষিক আয় একটি নির্দিষ্ট সীমার নিচে হতে হবে। আবেদনের জন্য প্রয়োজন পারিবারিক আয়ের শংসাপত্র, পাত্র-পাত্রীর বয়সের প্রমাণপত্র, রঙিন ছবি, বিয়ের কার্ড বা প্রমাণপত্র এবং ব্যাঙ্কের পাশবইয়ের কপি। কন্যাশ্রী, যুবশ্রী বা বার্ধক্য ভাতার মতো রূপশ্রীও এখন রাজ্যের ঘরে ঘরে পৌঁছে যাচ্ছে, যা নির্বাচনী বৈতরণী পার হতে তৃণমূল সরকারের বড় হাতিয়ার হয়ে উঠতে পারে।





