‘নোবেল প্রাইজ আমার প্রাপ্য’! ভারত-পাকিস্তানকে হুমকি দিয়ে যুদ্ধ থামিয়েছি, ফের বিস্ফোরক দাবি ট্রাম্পের!

ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রায় ৪ মাস আগে ঘটে যাওয়া উত্তেজনা প্রশমন প্রসঙ্গে আবারও একই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার মতে, ভারত ও পাকিস্তানকে বাণিজ্যিক চুক্তি বাতিলের হুমকি দিয়ে তিনি দুই দেশের মধ্যে চলমান সংঘাত বন্ধ করেছেন এবং এই কাজের জন্য তাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত।
শনিবার এক নৈশভোজের অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমরা এমন কিছু করেছি যার জন্য আমরা সর্বস্তরে সম্মানিত হয়েছি। আমরা শান্তি চুক্তি করছি এবং যুদ্ধ বন্ধ করেছি। আমরা ভারত, পাকিস্তান, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে যুদ্ধ বন্ধ করেছি।” তিনি আরও বলেন, ভারত ও পাকিস্তানের মধ্যে শান্তি আনার জন্য দুই দেশের নেতাদের প্রতি তিনি শ্রদ্ধা জানিয়েছেন। তবে একই সঙ্গে স্পষ্ট করে জানিয়েছেন, সংঘাতবিরতি না হলে কোনো বাণিজ্যিক চুক্তি করা হবে না।
ট্রাম্পের দাবি ও ভারতের অবস্থান
২২ এপ্রিল জম্মু-কাশ্মীরের পহেলগাঁওয়ে পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মৃত্যু হয়। এর জবাবে ৬-৭ মে রাতে ভারতীয় সামরিক বাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীরে অপারেশন সিঁদুর নামে সামরিক অভিযান চালায়। এরপর দুই দেশের মধ্যে ৩ দিন ধরে সংঘাত চলার পর ১০ মে উভয় দেশ সংঘাতবিরতি ঘোষণা করে।
ট্রাম্প দাবি করেন, এই সংঘাতবিরতির পিছনে তার প্রশাসনের অবদান রয়েছে। তিনি আরও বলেন, ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, কম্বোডিয়া, আর্মেনিয়া, আজারবাইজান, কসোভো, সার্বিয়া, ইসরায়েল, ইরান, মিশর, ইথিওপিয়া, রুয়ান্ডা এবং কঙ্গোর মতো বিভিন্ন দেশের মধ্যে সংঘাত থামাতে তার প্রশাসন বাণিজ্য চুক্তির কৌশল ব্যবহার করেছে।
তবে, ভারতের পক্ষ থেকে প্রথম থেকেই তৃতীয় কোনো শক্তির মধ্যস্থতার বিষয়টি অস্বীকার করা হয়েছে। এমনকি, সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্পষ্ট জানিয়ে দেন, ভারত-পাকিস্তান সংঘাতবিরতিতে অন্য কোনো দেশের কোনো ভূমিকা নেই। তার বক্তব্যে সমর্থন জানান বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও। তা সত্ত্বেও ট্রাম্প তার অবস্থানে অনড় থেকে আবারও নিজেকে দুই দেশের শান্তি প্রক্রিয়ার মূল কারিগর হিসেবে দাবি করলেন।