জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের নির্বাচনী লড়াই এবার ব্যক্তিগত আক্রমণের স্তরে পৌঁছে গেল। মঙ্গলবার তৃণমূল প্রার্থী কৃষ্ণ দাসের সমর্থনে এক জনসভায় এসে বিজেপি প্রার্থী তথা আইনজীবী অনন্তদেব অধিকারীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, বিজেপি প্রার্থী সারাদিন নেশাগ্রস্ত অবস্থায় থাকেন এবং মদ্যপানে অত্যন্ত আসক্ত। এমনকি মহিলাদের সঙ্গেও তিনি খারাপ আচরণ করেন বলে অভিযোগ তোলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।
অভিষেকের এই মন্তব্যের পরই মঙ্গলবার রাতে বিক্ষোভে ফেটে পড়ে জলপাইগুড়ি জেলা বিজেপি। শতাধিক কর্মী-সমর্থক ব্যানার হাতে নিয়ে শহর পরিক্রমা করেন এবং কদমতলা মোড়ে বিক্ষোভ দেখান। বিজেপি নেতৃত্বের দাবি, একজন তপশিলি সম্প্রদায়ের মানুষ এবং পেশায় স্বনামধন্য আইনজীবীর চরিত্রহনন জলপাইগুড়ির মানুষ মেনে নেবে না। বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী প্রীতি বর্মন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “তৃণমূলের বড় চোর আমাদের সজ্জন প্রার্থীকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন। ২৪ ঘণ্টার মধ্যে অভিষেক ক্ষমা না চাইলে আমরা নির্বাচন কমিশনের পাশাপাশি উচ্চ আদালতের দ্বারস্থ হব।” ভোটের মুখে এই ‘কুরুচিপূর্ণ’ বয়ানকে কেন্দ্র করে উত্তরবঙ্গের রাজনীতিতে এখন চরম উত্তেজনা।





