বিহারের রাজনীতিতে এক নতুন মোড়! জনতা দল (ইউনাইটেড)-এর প্রধান এবং বিহারের দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবার পা রাখছেন দিল্লির দরবারে। শুক্রবার রাজ্যসভার সদস্য হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নিলেন তিনি। গত ৩০ মার্চ বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন নীতীশ। তার ঠিক কয়েকদিনের মাথাতেই আজ উচ্চকক্ষের সাংসদ হিসেবে তাঁর এই শপথ গ্রহণকে ঘিরে জাতীয় রাজনীতিতে জোর চর্চা শুরু হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, রাজ্যসভার সাংসদ হওয়া নীতীশ কুমারের দীর্ঘদিনের সুপ্ত ইচ্ছা ছিল। এর আগে একাধিকবার তিনি জানিয়েছিলেন যে, তাঁর রাজনৈতিক কেরিয়ারে সংসদীয় অভিজ্ঞতার তালিকায় রাজ্যসভার সদস্যপদটিই কেবল বাকি রয়ে গিয়েছে। আজকের এই শপথ গ্রহণের মাধ্যমে তাঁর সেই ‘ইচ্ছেপূরণ’ হল বলেই মনে করছে রাজনৈতিক মহল। বিধানসভা ছেড়ে দিল্লির কেন্দ্রীয় রাজনীতিতে নীতীশের এই প্রবেশ ২০২৬-এর জাতীয় প্রেক্ষাপটে জেডিইউ-এর রণকৌশলে বড়সড় বদল আনতে পারে বলে ধারণা করা হচ্ছে।





