আজ বিকালেই দিল্লিতে সাংবাদিক বৈঠক করে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের পূর্ণাঙ্গ নির্ঘণ্ট ঘোষণা করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন। তবে কমিশনের ঘোষণার আগেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা। রবিবার সকালে ভবানীপুর বিধানসভা কেন্দ্র থেকে জনসংযোগ শুরু করেন ফিরহাদ হাকিম। সেখানেই তিনি বিজেপির সম্ভাব্য আসন সংখ্যা এবং দলের ভবিষ্যৎ নিয়ে এক চাঞ্চল্যকর দাবি করেন।
কী বললেন ফিরহাদ হাকিম? বিজেপিকে আক্রমণ করে ফিরহাদ হাকিম বলেন, “বিজেপির পায়ের তলায় আর মাটি নেই। বাংলার মানুষ ওদের প্রত্যাখ্যান করেছে।” তিনি দাবি করেন, ২০২৬-এর নির্বাচনে বিজেপি গতবারের তুলনায় আরও বড় ব্যবধানে হারবে। তাঁর ভবিষ্যৎবাণী অনুযায়ী, বিজেপি এবার সত্তর তো দূর, ৫০-এর নিচে নেমে আসবে। তাঁর কথায়, “বিজেপি আসছে বাংলাকে লুট করতে, বাঙালিদের দমন করতে। আমরা ঐক্যবদ্ধ থাকলে মমতা বন্দ্যোপাধ্যায় ফের মুখ্যমন্ত্রী হবেন এবং বিজেপি ধুলিসাৎ হবে।”
অস্তিত্ব রক্ষার লড়াই: হাকিমের মতে, এই নির্বাচন কেবল সরকার গড়ার নয়, বরং বাংলার সংস্কৃতি ও বাঙালির অস্তিত্ব রক্ষার লড়াই। তিনি আরও অভিযোগ করেন যে, বিজেপি বিভাজনের রাজনীতি করে বাংলার উন্নয়নকে স্তব্ধ করতে চাইছে। নির্বাচন কমিশনের ঘোষণার পর এই লড়াই আরও তীব্র হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। একদিকে যখন তৃণমূল ‘বিজেপি-মুক্ত’ বাংলার স্বপ্ন দেখছে, তখন গেরুয়া শিবির ২০০-র বেশি আসন নিয়ে পরিবর্তনের ডাক দিচ্ছে।