‘নির্বাচন কমিশন এখন বিজেপির দলদাস’, নন্দীগ্রামে সিইও-র সফর ঘিরে রণংদেহী কুণাল-চন্দ্রিমা

রাজ্যে ভোটের দামামা বাজতেই নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে চরম সংঘাতের পথে তৃণমূল কংগ্রেস। সম্প্রতি প্রকাশিত এসআইআর (SIR) তালিকা এবং ভোটার তালিকায় নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে ‘বিজেপি-কমিশন’ আঁতাঁতের গুরুতর অভিযোগ তুলল শাসক দল। সাংবাদিক বৈঠকে কুণাল ঘোষ এবং চন্দ্রিমা ভট্টাচার্য সাফ জানান, কমিশন এখন পুরোদস্তুর বিজেপির ‘দলদাসে’ পরিণত হয়েছে।

তৃণমূলের অভিযোগ, বৈধ ভোটারদের নাম বাদ দিয়ে অন্য রাজ্যের ভোটারদের তালিকা এখানে ‘কপি-পেস্ট’ করা হচ্ছে। কুণাল ঘোষের দাবি, “মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল লড়াই না করলে প্রায় দুই কোটি নাম বাদ চলে যেত। সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও কেন নাম কাটা হল, তার কোনো ব্যাখ্যা কমিশন দেয়নি।”

পাশাপাশি, মুখ্য নির্বাচনী আধিকারিকের (CEO) নন্দীগ্রাম সফর নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। অভিযোগ উঠেছে, নন্দীগ্রামে সিইও-র সাথে বিজেপি নেতা তথা বিরোধী দলনেতার ঘনিষ্ঠদের দেখা গিয়েছে। চন্দ্রিমা ভট্টাচার্যের প্রশ্ন, “একজন প্রশাসনিক কর্তার পাশে কেন বিজেপি কো-অর্ডিনেটর থাকবেন? এতে কি নিরপেক্ষতা বজায় থাকে?” তবে এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তৃণমূল নেতৃত্ব জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। কুণালের হুঙ্কার, “যতই কারচুপি হোক, আড়াইশোর বেশি আসন নিয়ে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরছে মা-মাটি-মানুষের সরকারই।”

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy