নির্বাচন কমিশনে নজিরবিহীন অপমান! তৃণমূল সাংসদদের ‘গেট লস্ট’ বলে তাড়িয়ে দিলেন কমিশনার?

পশ্চিমবঙ্গের ভোটার তালিকা থেকে ‘এসআইআর’ (SIR) প্রক্রিয়ায় প্রায় ৯১ লক্ষ নাম বাদ পড়া নিয়ে তোলপাড় দিল্লি। এই গণ-ছাঁটাইয়ের প্রতিবাদ জানাতে বুধবার জাতীয় নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিলেন ডেরেক ও’ব্রায়েন ও সাগরিকা ঘোষ সহ চার তৃণমূল সাংসদ। কিন্তু বৈঠক শেষে বেরিয়েই তাঁরা কমিশনের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ আনেন। ডেরেক ও’ব্রায়েনের দাবি, তাঁদের অভিযোগ শোনা তো দূরস্থান, মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মাত্র ৭ মিনিটের মাথায় তাঁদের ‘গেট লস্ট’ (Get Lost) বলে ঘর থেকে বেরিয়ে যেতে বলেন।

তৃণমূলের অভিযোগ, বছরের পর বছর ভোট দেওয়া লক্ষ লক্ষ সাধারণ মানুষের নাম উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাদ দেওয়া হয়েছে, যা গণতন্ত্রের জন্য অশনি সংকেত। ডেরেক ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমরা সংসদের অন্যতম বৃহত্তম বিরোধী দল। আমাদের সঙ্গে এই ধরণের ব্যবহার নজিরবিহীন। আমরা শান্তভাবে সাধারণ মানুষের ভোটাধিকারের কথা বলতে গিয়েছিলাম, কিন্তু কমিশনার কোনো কথা শুনতেই রাজি হননি।” সাগরিকা ঘোষও এই ঘটনাকে বাংলার ভোটারদের অধিকারের ওপর চরম আঘাত বলে বর্ণনা করেছেন।

পাল্টা প্রতিক্রিয়ায় নির্বাচন কমিশন সূত্রে দাবি করা হয়েছে, তৃণমূল প্রতিনিধি দলের সদস্যদের আচরণই ছিল অত্যন্ত ‘অশোভন’। কমিশনের দাবি, তৃণমূল সাংসদরা চিৎকার-চেঁচামেচি এবং অভদ্র ভাষা ব্যবহার করায় তাঁদের শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানানো হয়েছিল। দুই পক্ষের এই কাদা ছোঁড়াছুড়িতে ভোটের মুখে রাজ্য ও কমিশনের সংঘাত এখন তুঙ্গে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy