নির্বাচন কমিশনের SIR প্রক্রিয়ায় কেন এত ক্ষোভ? কেরালা থেকে উত্তরপ্রদেশ, সুপ্রিম কোর্টে মামলা ১২ রাজ্যের

দেশের বিভিন্ন রাজ্যে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া (SIR – Summary Revision) নিয়ে আপত্তি ক্রমশ বাড়ছে। এই প্রক্রিয়ার বৈধতা ও সময়সীমা চ্যালেঞ্জ করে একের পর এক পক্ষ সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা দায়ের করেছে। সেই আবেদনগুলির ভিত্তিতেই এবার জাতীয় নির্বাচন কমিশনের (Election Commission) বক্তব্য জানতে চাইল শীর্ষ আদালত।

কেরল, উত্তরপ্রদেশ-সহ বিভিন্ন রাজ্যে এসআইআর প্রক্রিয়াকে চ্যালেঞ্জ করে নতুন যে মামলাগুলি দায়ের হয়েছে, সেগুলি শুনতে সম্মতি জানিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি এস ভি এন ভাট্টি এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ শুক্রবার এই মামলাগুলির শুনানি করে কমিশনকে নোটিস জারি করেছে।

বাংলা-সহ দেশের মোট ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে ইতিমধ্যেই SIR প্রক্রিয়া শুরু হয়েছে। এর মধ্যেই রাজনৈতিক দল ও রাজ্য সরকার পক্ষ থেকে আপত্তি জানিয়ে একাধিক মামলা করা হয়েছে। বাংলা ও তামিলনাড়ু ইতিমধ্যেই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল। পরে কেরল সরকার, সেই রাজ্যের সিপিএম-সহ আরও কয়েকটি পক্ষও একই ধরনের আবেদন জানায়। এই সব আবেদনের পরিপ্রেক্ষিতেই নির্বাচন কমিশনের মতামত জানতে চেয়ে নোটিস জারি করা হয়েছে। আদালত জানিয়েছে, এই মামলাগুলির পরবর্তী শুনানি হবে ২৬ নভেম্বর, ২০২৫।

শুধু দক্ষিণ নয়, উত্তরপ্রদেশ থেকেও এই প্রক্রিয়ার বিরুদ্ধে নতুন মামলা এসেছে। বারাবাঁকির কংগ্রেস সাংসদ তনুজ পুনিয়া SIR প্রক্রিয়া স্থগিত রাখার দাবি জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন। এই গুরুত্বপূর্ণ মামলাতেও নির্বাচন কমিশনের জবাব চেয়েছে আদালত। তবে এই মামলার পরবর্তী শুনানির তারিখ এখনও নির্ধারিত হয়নি।

SIR প্রক্রিয়া নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে আপত্তি ও সমস্যার মধ্যেই শীর্ষ আদালতের (Supreme Court) নজর এখন সরাসরি নির্বাচন কমিশনের দিকে। আগামী শুনানিতে কমিশন কী ব্যাখ্যা দেয় এবং আদালত কী নির্দেশ দেয়, সেদিকেই তাকিয়ে আছে বিভিন্ন রাজনৈতিক দল ও রাজ্য সরকারগুলি।