নির্বাচনের মুখে বিহারের রাজনীতিতে ভূমিকম্প, জেডিইউ ২৫-এর কম আসন পাবে, ঘোষণা প্রশান্ত কিশোরের!

বিহার বিধানসভা নির্বাচনের আর বাকি মেরেকেটে দু-মাস। তার আগেই রাজ্যের রাজনীতি নিয়ে বড় দাবি করলেন রাজনৈতিক উপদেষ্টা তথা জন সুরজ পার্টির (Jan Suraaj Party) প্রধান প্রশান্ত কিশোর (পিকে)। রবিবার তিনি আসন্ন নির্বাচনে শাসক-বিরোধী কার ঝুলিতে কটি আসন আসবে তা ঘোষণা করে দিলেন। একইসঙ্গে নির্বাচন আবহে তাঁর দলের অবস্থানও স্পষ্ট করলেন তিনি।

পিকে-র বিস্ফোরক ভবিষ্যদ্বাণী
প্রশান্ত কিশোরের দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে বিহারের ২৪৩টি আসনেই এককভাবে লড়বে তাঁর দল জন সুরজ পার্টি। তিনি বলেন, “আমার দল হয় জিতবে, নয়ত হারবে। কিন্তু মধ্যপন্থা নেবে না। কারও সঙ্গেই জোটে যাবে না।”

পাশাপাশি, তিনি আসন্ন নির্বাচনের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করে বলেন:

বর্তমান শাসকদল জেডিইউ (JD(U)) ২৫-এরও কম আসন পাবে।

ক্ষমতায় থাকা বিজেপিও বড়সড় ধাক্কা খাবে।

আর বিরোধীরা তৃতীয় স্থানেই থাকবে।

নীতীশ কুমারের বিরুদ্ধে তীব্র আক্রমণ
এদিন প্রশান্ত কিশোর বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও (Nitish Kumar) কার্যত একহাত নেন। তিনি বলেন, “বর্তমানে রাজ্যের প্রশাসনিক দায়িত্ব সামলাতে ব্যর্থ হচ্ছেন নীতীশ কুমার। হয়ত উনি ব্যক্তিগতভাবে খারাপ নন। কিন্তু তাঁর নেতা এবং আধিকারিকরা রাজ্যকে লুটেপুটে খাচ্ছে।” এরপরেই সরাসরি প্রশ্ন ছুড়ে দেন পিকে, “যদি নীতীশ চোর না হয়, তাহলে কে চোর?”

মন্ত্রীর বিরুদ্ধে ২০০ কোটির দুর্নীতির অভিযোগ
প্রশান্ত কিশোর বিহারের গ্রামোন্নয়ন মন্ত্রী অশোক চৌধুরীর বিরুদ্ধে ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছেন। এই নিরিখে তিনি জেডিইউ-এর বিরুদ্ধে আক্রমণ করে বলেন, মন্ত্রী অশোকের বিরুদ্ধে তিনি মানহানির মামলা করবেন।

পিকে বলেন, “কিন্তু কেবল নোটিশ পাঠিয়েই সব ঠিক হবে না। আমি তার বিরুদ্ধে ২০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ এনেছি। অশোক চৌধুরীকে উত্তর দিতে হবে যে তিনি জমি কিনেছেন কি না। আর যদি কিনে থাকেন, তাহলে কেন তিনি তার পিএ (ব্যক্তিগত সহকারী) এর নামে জমি কিনেছেন?”

নির্বাচনের আগে প্রশান্ত কিশোরের এই আক্রমণাত্মক বার্তা ও এককভাবে লড়াইয়ের ঘোষণা বিহারের রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।