বিজেপি প্রার্থী তথা অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়কে ঘিরে বিতর্ক থামার নাম নেই। বেনারসের ঘাটে দ্বিতীয়বার বিয়ের ছবি ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায় আক্রমণ শানিয়ে আসছিলেন। এবার হাওড়ার শ্যামপুর কেন্দ্র থেকে হিরণ মনোনয়নপত্র জমা দিতেই নতুন করে বিতর্কের আগুন জ্বলে উঠল। ফেসবুকে সরাসরি প্রশ্ন ছুড়ে অনিন্দিতা জানতে চাইলেন, হলফনামায় হিরণ তাঁর স্ত্রীর জায়গায় কার নাম উল্লেখ করেছেন?
মনোনয়নপত্র খতিয়ে দেখে জানা গেছে, হিরণ স্ত্রীর কলামে অনিন্দিতার নামই রেখেছেন, তবে পাশে লিখে দিয়েছেন ‘সেপারেটেড’ বা বিচ্ছিন্ন। এই তথ্য সামনে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন অনিন্দিতা। সংবাদমাধ্যমকে তিনি সাফ জানান, তাঁর কাছে ডিভোর্সের কোনও নোটিশই আসেনি। তাহলে প্রথম স্ত্রী বর্তমান থাকতে হিরণ দ্বিতীয় বিয়ে করেন কীভাবে? কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, “হলফনামায় কি রক্ষিতার নাম উল্লেখ করেছে? ভারতীয় সংবিধান কি সেটা অনুমতি দেয়?” হিরণ অবশ্য এই ব্যক্তিগত ও আইনি টানাপড়েন নিয়ে এখনও নীরবতা বজায় রেখেছেন।





