ভোটের বাদ্যি বেজে গিয়েছে। চৈত্র-বৈশাখের এই দহনজ্বালা উপেক্ষা করেই কামারহাটির অলিতে-গলিতে প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী মদন মিত্র। রোড-শো, জনসভা আর দেওয়াল লিখনের এই ঠাসা কর্মসূচির মাঝে নিজেকে সতেজ রাখতে কী করছেন তিনি? টিভি৯ বাংলার ক্যামেরায় ধরা পড়ল মদন মিত্রের ‘সামার ডায়েট’ প্ল্যান।
পুরোদস্তুর নিরামিষাশী মদন:
সবাইকে অবাক করে দিয়ে তৃণমূলের এই হেভিওয়েট প্রার্থী জানিয়েছেন, তিনি এখন পুরোপুরি ভেজিটেরিয়ান হয়ে গিয়েছেন। মাছ-মাংস নয়, বরং গরমে শরীর ঠান্ডা রাখতে সাধারণ বাঙালি নিরামিষ খাবারেই মন দিয়েছেন তিনি। তাঁর দুপুরের মেনুতে থাকছে গরম ভাত, ডাল, আলুসেদ্ধ আর বাঙালির প্রিয় পোস্ত।
বর্জন করেছেন কফিও:
একসময় বিকেলের প্রচার বা সন্ধের আড্ডায় মদন মিত্রের সর্বক্ষণের সঙ্গী ছিল কফি। কিন্তু এই তীব্র গরমে ডিহাইড্রেশন এড়াতে সেই প্রিয় পানীয়টিও ত্যাগ করেছেন তিনি। বদলে বেশি করে জল আর হালকা খাবারেই রসনা তৃপ্তি করছেন। ভক্ত ও অনুগামীদের উদ্দেশ্যে তাঁর রসিকতা মিশ্রিত পরামর্শ— “কম খান। না খেলে মানুষ মরে না, বরং বেশি খেলেই মরে।” শরীর ঠিক রাখতে পরিমিত আহারই এখন কামারহাটির প্রার্থীর মূল মন্ত্র।





