নিয়োগ দুর্নীতি মামলায় ফের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তৎপরতা। ইডির দ্বিতীয় দফার নোটিশ মেনে আজ সকালে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়। হাতে একগুচ্ছ নথিপত্র নিয়ে এদিন ইডি দপ্তরে পৌঁছন তিনি। তবে সংবাদমাধ্যমের একঝাঁক প্রশ্নের মুখে পড়লেও কোনো উত্তর দেননি অর্পিতা।
সূত্রের খবর, নিয়োগ দুর্নীতি সংক্রান্ত বেশ কিছু নতুন নথি এবং পুরনো বয়ানের অসংগতি নিয়ে এদিন অর্পিতাকে জিজ্ঞাসাবাদ করছেন ইডি আধিকারিকরা। এর আগে তাঁর আবাসন থেকে উদ্ধার হওয়া কোটি কোটি টাকা এবং সোনার গয়না নিয়ে যে দীর্ঘ আইনি লড়াই চলেছে, সেই প্রেক্ষাপটে আজকের এই হাজিরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, বুধবার ইডির হাজিরা এড়িয়েছিলেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই ঘটনার পর আজ তাঁকে ফের দ্বিতীয়বার নোটিশ পাঠিয়েছে ইডি। আগামী কালই তাঁকে সিজিও কমপ্লেক্সে হাজির হতে বলা হয়েছে। নিয়োগ দুর্নীতির অভিযোগে দীর্ঘ তিন বছর জেল খাটার পর বর্তমানে জামিনে মুক্ত রয়েছেন তিনি। তবে ইডির এই জোড়া নোটিশ কি তাঁর অস্বস্তি ফের বাড়াতে চলেছে, তা নিয়ে শুরু হয়েছে জোর চর্চা।
২০২২ সালে নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ ও অর্পিতার গ্রেপ্তারি রাজ্য রাজনীতিতে বড়সড় ভূমিকম্প এনেছিল। উদ্ধার হওয়া নগদ প্রায় ৫০ কোটি টাকা এবং বিপুল পরিমাণ সম্পত্তির রহস্যভেদ করতে মরিয়া তদন্তকারীরা। বিধানসভা নির্বাচনের আবহে ফের এই দুই হাই-প্রোফাইল মুখকে তলব করায় রাজনৈতিক মহলেও শুরু হয়েছে নতুন গুঞ্জন।