মারধর ও জাতিগত মন্তব্যের অভিযোগ! সিপিএম নেতা শতরূপের বিরুদ্ধে বড় পদক্ষেপ যাদবপুরের ছাত্র নেতার

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ঘটে যাওয়া অপ্রীতিকর ঘটনায় রাজনৈতিক পারদ চড়ছে। বিশ্ববিদ্যালয়ের ABVP সভাপতি নিখিল দাসকে মারধর এবং তাঁর বিরুদ্ধে জাতিগত মন্তব্য করার অভিযোগে এবার সরাসরি জাতীয় তপশিলি জাতি কমিশনের (SC Commission) দ্বারস্থ হলেন তিনি। এই চাঞ্চল্যকর অভিযোগের ভিত্তিতে নড়েচড়ে বসেছে কমিশন। ঘটনার তদন্ত করে আগামী ৭ দিনের মধ্যে কলকাতা পুলিশ কমিশনারকে বিস্তারিত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

শতরূপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলা:
শুধু কমিশনই নয়, এই পুরো ঘটনায় সিপিএম নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে মানহানির মামলাও দায়ের করেছেন নিখিল দাস। তাঁর অভিযোগ, যাদবপুর ক্যাম্পাসের ভিতরে তাঁকে শারীরিক হেনস্তার পাশাপাশি জাতিগতভাবে অপমান করা হয়েছে। এই আইনি পদক্ষেপে রাজ্য রাজনীতিতে তীব্র শোরগোল শুরু হয়েছে। এখন পুলিশ কমিশনারের তরফ থেকে কমিশনে কী রিপোর্ট জমা পড়ে, সেদিকেই সকলের নজর রয়েছে।

বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন:
এদিকে, গত ১৯ ও ২০ অগাস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মূল ক্যাম্পাসে ঘটে যাওয়া পরপর অপ্রীতিকর ঘটনার পরিপ্রেক্ষিতে বড় পদক্ষেপ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্যের নির্দেশমতো তিন সদস্যের একটি ‘বিচার বিভাগীয় তদন্ত কমিশন’ গঠন করা হয়েছে। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠিত হয়েছে, যা ক্যাম্পাসের ওই দুদিনের বিশৃঙ্খলা ও গোলমালের পুরো বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখবে।

Aditi Banik
  • Aditi Banik