নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ল লরি! উৎসবের রাতে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ও আহত বেশ কয়েকজন

হাওড়া-খড়গপুর জাতীয় সড়কের ধারে বিশ্বকর্মা পুজোর মেলা মুহূর্তে পরিণত হলো এক মর্মান্তিক দুর্ঘটনার কেন্দ্রস্থলে। রবিবার গভীর রাতে মেছোগ্রামে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বেপরোয়া লরি সোজা মেলার মধ্যে ঢুকে পড়ে। লরিটি একের পর এক পিষে দেয় বেশ কয়েকজন দর্শনার্থী ও ব্যবসায়ীকে। এই ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুই জনের মৃত্যু হয়েছে এবং অন্তত আট জন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মেলা প্রায় শেষ হয়ে এসেছিল। তখন বহু ব্যবসায়ী তাদের স্টল গুটিয়ে নিচ্ছিলেন। সেই সময় হঠাৎই জাতীয় সড়ক থেকে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে মেলায় ঢুকে পড়ে। লরিটি একাধিক দোকান ভেঙে মানুষের ওপর দিয়ে চলে যায়। মুহূর্তেই আনন্দমুখর পরিবেশ বদলে যায় আর্তনাদ ও চিৎকারে। স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে পাঁশকুড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যান। সেখানে দু’জনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত বাকি আটজন সেখানেই চিকিৎসাধীন।
পুলিশের প্রাথমিক অনুমান, চালক মদ্যপ অবস্থায় ছিলেন, যার ফলে গাড়ির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। ঘটনার পর থেকেই পলাতক লরির চালক। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে এবং আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।
হঠাৎ ঘটে যাওয়া এই দুর্ঘটনায় মেছোগ্রামের উৎসবের আমেজ এক নিমেষে বিষাদে পরিণত হয়েছে। এই মর্মান্তিক ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে, একই দিনে নিউটাউনেও একটি ভয়াবহ পথ দুর্ঘটনা ঘটে, যেখানে একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় কর্তব্যরত এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয় এবং এক সিভিক ভলেন্টিয়ার গুরুতর আহত হন। এই পরপর ঘটনাগুলি রাজ্যের সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিয়েছে।