সংসদের বিশেষ অধিবেশনে কেন্দ্র যে নারী সংরক্ষণ বিল বা ‘নারী শক্তি বন্দন অধিনিয়ম’ আনতে চলেছে, তার আসল উদ্দেশ্য নিয়ে বিস্ফোরক দাবি করলেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী। তাঁর মতে, কেন্দ্রের আসল লক্ষ্য নারীর সংরক্ষণ নয়, বরং নারীর ‘সীমা নির্ধারণ’। সোমবার এক নিবন্ধে সোনিয়া গান্ধী সতর্ক করে দিয়ে বলেন, সীমানা পুনর্নির্ধারণের এই প্রস্তাবটি অত্যন্ত বিপজ্জনক এবং এটি সরাসরি ভারতীয় সংবিধানের ওপর একটি বড় আঘাত।
সোনিয়া গান্ধীর অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রকৃত উদ্দেশ্য হলো জাতিভিত্তিক জনগণনাকে আরও বিলম্বিত করা এবং বিষয়টিকে বিপথে চালিত করা। তাঁর মতে, সীমানা পুনর্নির্ধারণের পরিকল্পনা রাজনৈতিক প্রতিনিধিত্বের কাঠামোকে বদলে দিয়ে সাংবিধানিক নীতিগুলোকে দুর্বল করে দিতে পারে। সরকার চাইছে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই এই সংরক্ষণ কার্যকর করতে। সোনিয়া গান্ধী স্পষ্ট জানান, লোকসভার আসন সংখ্যা বৃদ্ধির লক্ষ্যে সীমানা পুনর্নির্ধারণের যে কোনও প্রক্রিয়ায় কেবল গাণিতিক হিসাব করলে চলবে না, রাজনৈতিক প্রতিনিধিত্বের ক্ষেত্রে সামাজিক ন্যায্যতাও নিশ্চিত করতে হবে।





